Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২০, ২০২২

৩ দিনে ১৮ জনসভা, নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলতে গুজরাটে মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
৩ দিনে ১৮ জনসভা, নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলতে গুজরাটে মোদি

হিমাচল প্রদেশের নির্বাচনের পর বিজেপি–র চোখ এখন গুজরাট বিধানসভায়। গুজরাটে দুই দফায় ভোট হবে ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর। ভোটের আগে রাজ্যে বিজেপির ব্যাপক প্রচারে নেতৃত্ব দিতে গুজরাটে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের রাজ্যে ৩ দিনের সফরে ১৮টি জনসভায় ভাষণ দেবেন।

শনিবার বিকেলে গুজরাটে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেদাবাদ পৌঁছে সেখান থেকে সরাসরি ভালসাদে চলে যান তিনি। সেখানে একটা সমাবেশে ভাষণ দেন। তিনদিনের সফরে মোদি সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের এলাকাগুলিতে প্রচারের ওপর বেশি জোর দেবেন।  বিজেপি এই অঞ্চলের ভোটারদের আকৃষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। কারণ সৌরাষ্ট্র অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলি ঐতিহ্যগতভাবে কংগ্রেসের প্রভাব রয়েছে।

গুজরাট সফরের দ্বিতীয় দিনে মোদি বিখ্যাত সোমনাথ মন্দির পরিদর্শন করবেন। তিনি সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান। মন্দির পরিদর্শনের পর, সৌরাষ্ট্র অঞ্চলের ভেরাভাল, ধোরারজি, আমরেলি এবং বোটাদে–র চারটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির৷ পরদিন সুরেন্দ্রনগর, ভারুচ ও নভসারিতে সমাবেশে ভাষণ দেবেন তিনি। প্রথম ধাপের নির্বাচনের প্রচার ২৮ নভেম্বর শেষ হবে। দ্বিতীয় পর্বের ভোটের আগে উত্তর ও মধ্য গুজরাটে প্রচারের জন্য মোদি আবার গুজরাট সফর করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরের আগেই গুজরাটে প্রচারে ঝড় তুলেছেন বিজেপি প্রধান জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরা দুজনেই রাজ্যের একাধিক সমাবেশে ভাষণ দিয়ছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং নীতিন গড়করি, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মতো তারকা নেতারা গুজরাট নির্বাচনে প্রচার করবেন। এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সোমবার গুজরাটে ভোট প্রচারে আসবেন বলে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!