- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৯, ২০২৩
নীতীশ রানাদের হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল গুজরাট
আমেদাবাদে ঘরে মাঠে রিঙ্কু সিংয়ের দুরন্ত ব্যাটিংয়ে নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছিল গুজরাট টাইটান্সকে। ইডেন গার্ডেন্সে মধুর প্রতিশোধ হার্দিক পান্ডিয়াদের। নীতীশ রানাদের ৭ উইকেটে উড়িয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল গুজরাট টাইটান্স। দুরন্ত ব্যাটিং করে গুজরাটকে জেতালেন বিজয় শঙ্কর ও ডেভিড মিলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৯/৭ তোলে নাইট রাইডার্স। জবাবে ১৭.৫ ওভারে ১৮০/৩ রান তুলে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স।
ম্যাচের আগেই এদিন ধাক্কা খায় কলকাতা নাইট রাইডার্স। চোটের জন্য শেষ মুহূর্তে ছিটকে যান জেসন রয় ও উমেশ যাদব। এই দুজনের পরিবর্তে প্রথম একাদশে ঢোকেন রহমানুল্লাহ গুরবাজ ও শার্দুল ঠাকুর। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় নাইট রাইডার্স। জগদীশনকে (১৫ বলে ১৯) তুলে নেন মহম্মদ সামি। তিন নম্বরে নামা শার্দুল ঠাকুরও (০) নিজেকে মেলে ধরতে পারেননি। তাঁকেও ফেরান মহম্মদ সামি। এরপর দলকে এগিয়ে নিয়ে যান রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ার।
একাদশ ওভারে ভেঙ্কটেশ আয়ার (১৪ বলে ১১) ও নীতীশ রানাকে (৪) পরপর ফেরান জোসুয়া লিটল। দলকে এগিয়ে নিয়ে যান গুরবাজ। তাঁর সঙ্গে জুটি বাঁধেন রিঙ্কু সিং। ১৬তম ওভারের দ্বিতীয় বলে গুরবাজকে তুলে নিয়ে জুটি ভাঙেন নূর আমেদ। ৩৯ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন গুরবাজ। এক ওভার পরে রিঙ্কু সিংকেও (২০ বলে ১৯) ফেরান নূর আমেদ। শেষ পর্যন্ত রাসেলের (১৯ বলে ৩৪) দাপটে ১৭৯/৭ রানে পৌঁছয় নাইট রাইডার্স। নূর আমেদ ২১ রানে ২টি ও জোসুয়া লিটল ২৫ রানে ২টি উইকেট তুলে নেন। ৩৩ রানে ৩ উইকেট নেন মহম্মদ সামি।
জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৪ ওভারে ৪১ রান তুলে ফেলে গুজরাট। পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহাকে (১০ বলে ১০) ফেরান আন্দ্রে রাসেল। এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শুভমান গিল। একাদশ ওভারের হার্দিককে (২০ বলে ২৬) তুলে নিয়ে জুটি ভাঙেন হর্ষিত রানা। পরের ওভারেই শুভমান গিলকে তুলে নেন সুনীল নারাইন। ৬ মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করতে গিয়ে রাসেলের হাতে ধরা পড়েন শুভমান। ৩৫ বলে ৪৯ রান করে আউট হন তিনি।
পরপর দু’ওভারে হার্দিক ও শুভমানকে হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট। রীতিমতো ঝড় তুলে গুজরাটকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন বিজয় শঙ্কর ও ডেভিড মিলার। দুজনের জুটিতে ৩৯ বলে ওঠে ৮৭ রান। ১৭.৫ ওভারে ১৮০/৩ তুলে ম্যাচ জিতে নেয় গুজরাট। দুরন্ত ব্যাটিং করে ২৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন বিজয় শঙ্কর। ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। নাইট রাইডার্সের হর্ষিত রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ১টি করে উইকেট নেন।
❤ Support Us








