- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৬, ২০২৩
মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৫ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল গুজরাট
ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৫ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল গুজরাট টাইটান্স। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর প্রয়াস ব্যর্থ মুম্বইয়ের। বোলিং–ব্যাটিং ব্যর্থতাই ডোবাল রোহিত শর্মাদের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৭/৬ রান তুলেছিল হার্দিক পান্ডিয়ার দল। জবাবে ১৫২/৯ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। ডেথ ওভারে বোলিং ব্যর্থতা আবার প্রকট হয়ে উঠল মুম্বইয়ের।
এদিন টস জিতে গুজরাট টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় ওভারেই ঋদ্ধিমানকে (৭ বলে ৪) তুলে নেন অর্জুন। হার্দিক পান্ডিয়াও (১৪ বলে ১৩) দলকে নির্ভরতা দিতে পারেননি। আগের ম্যাচের ব্যর্থতা কাটিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে রানে ফিরলেন শুভমান গিল। আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ৩৪ বলে ৫৬ রান করে কুমার কার্তিকেয়ার বলে আউট হন তিনি। বিজয় শঙ্কর (১৬ বলে ১৯) সুবিধা করতে পারেননি। ১০১ রানে ৪ উইকেট হারায় গুজরাট।
এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন ডেভিড মিলার ও অভিনব মনোহর। দুজনের জুটিতে ওঠে ৭১। ২১ বলে ৪২ রান করে রিলে মেরেডিথের বলে আউট হন অভিনব। গুজরাটকে ২০০ রানের গন্ডি পার করে দেন মিলার। শেষ পর্যন্ত ২২ বলে ৪৬ রান করে তিনি বেহেরনডর্ফের বলে আউট হন। ঝড় তুলে ৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া। নির্ধারিত ২০ ওভারে ২০৭/৬ তোলে গুজরাট। ৩৪ রানে ২ উইকেট নেন চাওলা।
জয়ের জন্য ২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ওভারেই ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা (৮ বলে ২)। তাঁকে তুলে নেন হার্দিক পান্ডিয়া। এরপর মুম্বইকে টেনে নিয়ে যাচ্ছিলেন ঈশান কিশান ও ক্যামেরন গ্রিন। অষ্টম ওভারে ঈশান কিশান (২১ বলে ১৩) ও তিলক ভার্মাকে (২) রশিদ খান তুলে নিতেই ধস নামে মুম্বই ইনিংসে। একাদশ ওভারে ১ বলের ব্যবধানে ক্যামেরন গ্রিন (২৬ বলে ৩৩) ও টিম ডেভিডকে (০) তুলে নেন নূর আমেদ। সূর্যকুমারও (১২ বলে ২৩) দলকে নির্ভরতা দিতে পারেননি। কিছুটা লড়াই করেন নেহাল ওয়াধেরা (২১ বলে ৪০) ও পীযূশ চাওলা (১২ বলে ১৮)। ৯ বলে ১৩ রান করেন অর্জুন তেন্ডুলকার। ১৫২/৯ রান তোলে মুম্বই। ৩৭ রানে ৩ উইকেট নেন নূর আমেদ, ২৭ রানে ২ উইকেট রশিদ খানের।
❤ Support Us







