- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৮, ২০২৪
রোহিতের সাহায্যের প্রত্যাশায় মুম্বইয়ের নতুন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া
গুজরাট টাইটান্স ছেড়ে আবার পুরনো দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। রোহিত শর্মাকে সরিয়ে তাঁর হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন কর্তারা। রোহিত শর্মা যেমন বিষয়টা মেনে নিতে পারেননি, তাঁর ভক্তরাও অখুশি। এই অবস্থায় চাপ নিয়েই এবছর মাঠে নামতে হবে হার্দিককে। আইপিএল শুরুর আগে রোহিতের সাহায্যের প্রত্যাশায় হার্দিক।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর রোহিতের সঙ্গে কথা হয়নি হার্দিকের। এতদিন দুজনের কথা না হওয়ার বিষয়টি সকলকে অবাক করেছে। তবে হার্দিকের বিশ্বাস, তিনি রোহিতের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। তিনি বলেন, ‘যে কোনও পরিস্থিতিতে রোহিত শর্মার কাছ থেকে সহযোগিতা পাব। সে ব্যাপারে অন্যথা হবে না। এই দল যা কিছু অর্জন করেছে, সেটা রোহিতেরই নেতৃত্বে।’
হার্দিক আরও বলেন, ‘আমরা ১০ বছর একসঙ্গে খেলছি। রোহিতের নেতৃত্বেই আমি পুরো ক্রিকেটজীবন কাটিয়েছি। ওর হাত আমার কাঁধে সবসময় থাকবে। রোহিত ভারত অধিনায়ক। অধিনায়ক হিসেবে রোহিত যে সাফল্য পেয়েছে, সেই ধারা আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করছি সবমিলিয়ে ভাল ফলই হবে। গতকয়েক মাসে আমাদের দেখা হয়নি। রোহিত দলের সঙ্গে যোগ দিলেই কথা হবে। আমাদের মধ্যে কোনও অস্বস্তিকর পরিস্থিতি নেই।’ ভারতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় রোহিতের সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন হার্দিক।
গতবছর যশপ্রীত বুমরাকে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। এবার পুরো ফিট হয়ে খেলবেন বুমরা। তিনি থাকায় ড্রেসিংরুমের পরিবেশ বদলে যাবে বলেও মনে করছেন হার্দিক। তিনি বলেন, ‘গত বছর বুমরাকে পায়নি মুম্বই। এবার খেলবে। বুমরার মতো লিডার থাকায় ড্রেসিংরুমের পরিবেশ বদলে যাবে। তরুণ বোলাররা উপকৃত হবে।’ ২৪ মার্চ আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবার আইপিএল অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।
❤ Support Us






