- প্রচ্ছদ রচনা
- জুন ১৮, ২০২২
আগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেখানে ১ জন চাকরি পেতেন, এখন সেখানে ৪ জন পাবেন। অগ্নিপথ প্রকল্পে কী কী লাভ হবে বোঝালেন নৌসেনা প্রধান
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানান হয়েছে, ‘অগ্নিবীর’দের জন্য অসম রাইফেলস এবং সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সে ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। বাড়ানো হয়েছে বয়সের ঊর্ধ্বসীমা।
‘অগ্নিপথ প্রকল্প’ ঘোষণার উত্তাল দেশ। পরিস্থিতি সামাল দিতে নিয়ম শিথিলতা আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানান হয়েছে, ‘অগ্নিবীর’দের জন্য অসম রাইফেলস এবং সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সে ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। বাড়ানো হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমাও। প্রথম ব্যাচের ‘অগ্নিবীর’দের জন্য বয়সের ঊর্ধ্বসীমা আরও ৫ বছর বাড়ানো হচ্ছে। অর্থাৎ প্রথমে ২১ বছর থাকলেও, তা পরে ২৩ করা হয়। এবার তা আরও বাড়ানো হচ্ছে।
জানা গিয়েছে, বর্তমানে প্যারামিলিটারি ফোর্সের পাঁচটি শাখায় ৭৩ হাজার পদ খালি রয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স (সিআরপিএফ), ইন্দো-তিব্বত বর্ডার পুলিস (আইটিবিপি), সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স (সিআইএসএফ)-এ পদ খালি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রের তথ্য বলছে, অসম রাইফেলস এবং সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সে (সিএপিএফ) ৭৩ হাজার ২১৯ শূন্য পদ রয়েছে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিস ফোর্সেও ১৮ হাজার ১২৪টি পদ খালি রয়েছে।
এ প্রসঙ্গে নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেছেন, অগ্নিপথে কোনও ক্ষতি হবে না, আখেরে লাভই হবে তরুণ প্রজন্মের । শুধুমাত্র ভুল তথ্য ছড়ানো ও ভুল বোঝাবুঝির কারণেই এত বড় বিক্ষোভ-আন্দোলন চলছে দেশজুড়ে। তিনি নিজেই অগ্নিপথ প্রকল্প নিয়ে এক বছর কাজ করেছেন।এই প্রকল্পের রূপরেখা গঠনে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। অ্যাডমিরাল বলছেন, ভারতীয় বাহিনীতে এটি রূপান্তরকামী প্রকল্প। ভারতীয় বাহিনীর তিন স্তম্ভ তথা সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনায় অনেক বেশি নিয়োগের জন্যই এই প্রকল্প। আগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেখানে একজন চাকরি পেতেন, এখন সেখানে চারজন পাবেন। আর স্বল্পকালীন চাকরির মেয়াদের যে কথা বলা হচ্ছে তাতে কোনও ক্ষতি নেই। কারণ অবসর পেলেও সেই তরুণদের কাছে ভবিষ্যতে আবারও সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ থাকবে। বরং অভিজ্ঞতা নিয়েই তাঁরা যোগ দিতে পারবেন। ভারতীয় সেনাবাহিনীতে কাজের অভিজ্ঞতা থাকায় অন্য সম্মানজনক কাজও তাঁরা করতে পারবেন। তরুণদের জন্য আরও অনেক সুযোগ এনে দেবে প্রতিরক্ষামন্ত্রক।
❤ Support Us







