Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • আগস্ট ২৫, ২০২৬

শাহিন স্মৃতিতে, রক্তদানে মানবিক অঙ্গীকার

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহিন স্মৃতিতে, রক্তদানে মানবিক অঙ্গীকার

সজল স্মৃতিতে আত্মজন গভীর ভাবে মনে করিয়ে দেয় তাঁর রেখে যাওয়া কাজ । ২৩ আগস্ট, রবিবার শাহিন সুলতানার ৩৬তম জন্মদিনে, ‘শাহিন সুলতানা মেমোরিলায় ট্রাস্ট’-এর উদোগ্যে, ‘অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনর্স, ওয়েস্ট বেঙ্গল’ এবং ন্যাশেনাল মেডিকেল কলেজের-এর সহযোগীতায় ‘আরম্ভ পাবলিশার্স’-এর দফতরে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির সে কথা নতুন করে স্মরণ করিয়ে দিল সবাইকে ।

শাহিন ছিলেন আরম্ভ পত্রিকার অন্যতম প্রাণশক্তি। গত ৩০ জানুয়ারি তাঁর অকাল বিয়োগ আরম্ভ প্রকাশনার সহকর্মী ও কাছের মানুষদের কাছে গভীর শূন্যতার। দফতরের দৈনন্দিন কাজের পাশাপাশি মানবিক কাজের প্রতি নিষ্ঠা ছিল তাঁর স্বভাবের অঙ্গ। নিঃশব্দে, নিরলস ভাবে কাজ করে যাওয়াই ছিল তাঁর নিজস্ব শক্তি। প্রিয় সহযোদ্ধার অনিঃশেষ ভূবনে যাত্রার শোককে বুকের মধ্যে নিয়েই তাঁর অঙ্গীকারকে মানুষের জীবনের সঙ্গে জুড়ে দেওয়ার এ উদ্যোগ। রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন বহু শুভানুধ্যায়ী, বন্ধু, সহকর্মী। সকাল থেকেই একের পর এক মানুষ এসে রক্ত দিয়ে গেলেন —শাহিনের প্রতি তাঁদের ভালবাসা আর শ্রদ্ধার নীরব ভাষা ছড়িয়ে পড়ল সর্বত্র।

তাঁর সেই প্রাণময় উপস্থিতিই নতুন অঙ্গীকারের প্রেরণা। স্মৃতি এখানে শুধু বিষাদ আর যন্ত্রণার নয়। যে মানুষটি নিজের চারপাশের মানুষকে উদারতা ও মানবিকতার সঙ্গে জড়িয়ে রাখতে জানতেন, তাঁর স্মরণে রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই আরও এক বার জীবন্ত করে তোলবার চেষ্টা করল ‘শাহিন সুলতানা মেমোরিলায় ট্রাস্ট’। এ প্রয়াসে তাই কোনো আনুষ্ঠানিকতার ভার ছিল না। ছিল মানুষের পাশে দাঁড়ানোর সহজ, স্বতঃস্ফূর্ত ইচ্ছা। এক ইউনিট রক্ত যে অপরিচিত কোনো মানুষের জীবনে নতুন সকাল এনে দিতে পারে, সে বিশ্বাস থেকেই এগিয়ে এসেছেন রক্তদাতারা। শাহিনের জীবনযাপনের সঙ্গে এই মানবিকতার যোগসূত্রও অস্বীকার করার নয়। মহাপ্রকৃতির সঙ্গী শাহিন— এই নির্মম সত্য কে মেনে নিয়েই তাঁর সঙ্গে জড়িয়ে থাকা কাজ, স্বপ্ন, ভালোবাসা আর মানবিকতার বোধ আজও সমান প্রাণবন্ত।

এই শিবির সে অর্থে প্রচলিত রক্তদান কর্মসূচি নয়। এক প্রিয় সহযোদ্ধার স্মৃতিকে কেবল ছবিতে, কথায় কিংবা শোকবার্তায় আটকে না রেখে মানুষের প্রয়োজনে উৎসর্গ করার প্রয়াস।  হয়তো এ রকম ছোটো ছোটো কাজের মধ্য দিয়েই সে অন্ধকারের ভিতর আলো জ্বলে থাকে। যে মানুষটি জীবনকে উৎসবের মতো দেখতে শিখিয়েছিলেন, তাঁর স্মরণে অন্যের জীবনে এক ফোঁটা আশার আলো পৌঁছে দেওয়ার এক চেষ্টা । মানুষের প্রতি তাঁর অকৃত্রিম টান, উদার মানবিক বোধের আবহমান চলার পথে আগামী দিনে আরও উদ্যোগ নিতে আমরা ব্রতী হয়ে রইলাম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!