- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৪, ২০২৩
আঙুলে চিড়, বিশ্বকাপের বাকি ম্যাচে অনিশ্চিত উইলিয়ামসন
সময়টা ভালো যাচ্ছে না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। চোট সারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। প্রত্যাবর্তন ম্যাচে আবার চোটের কবলে। বাঁহাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে গেলেন কিউয়ি অধিনায়ক। তাঁর বিকল্প হিসেবে টম ব্লান্ডেলকে দেশ থেকে ডেকে পাঠানো হয়েছে।
আইপিএল খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। এরপর তিনি দেশে ফিরে যান। হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। ছয় মাস তিনি মাঠের বাইরে ছিলেন। এরপর সুস্থ হয়ে আবার মাঠে ফেরেন তবে পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। প্রত্যাবর্তন ম্যাচে আবার চোট পেয়েছেন। তবে তাঁর এই চোট পাওয়াটা অনেকটা দুর্ভাগ্যজনকই বলতে হবে।
নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮ তম ওভারে তাসকিন আহমেদের বল মিড অফে ফেলে সিঙ্গেলস নেওয়ার জন্য দৌড়েছিলেন কেন উইলিয়ামসন। নাজমুল হোসেন শান্ত বল ধরে দ্রুত নন স্ট্রাইকার প্রান্তের দিকে ছুঁড়ে দেন। বল সরাসরি উইলিয়ামসনের বাঁ হাতের বুড়ো আঙুলে লাগে। মাঠে ফিজিও ছুটে আসেন। আঙুলে ব্যান্ডেজ বেঁধে আবার ব্যাট করতে শুরু করেন উইলিয়ামসন। কিন্তু বুঝে যান তাঁর পক্ষে আর বেশিক্ষণ খেলা চালানো সম্ভব নয়। এরপর তিনি সাজঘরে ফিরে যান।
ম্যাচের পর আঙুলে স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা যায় আঙুলে চিড় ধরেছে। সারতে সময় লাগবে। তাঁর পক্ষে বিশ্বকাপের বাকি ম্যাচ খেলা অসম্ভব। তবে নিউজিল্যান্ড শিবির এখনই উইলিয়ামসনের ব্যাপারে আশা ছাড়ছে না। তাঁকে দলের সঙ্গেই রাখা হচ্ছে ল। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, “এখনই আমরা উইলিয়ামসনের ব্যাপারে আশা ছাড়ছি না। রিহ্যাব করে বিশ্বকাপের শেষ দিকে দলে ফিরতে পারে। উইলিয়ামসন দুর্দান্ত ব্যাটার এবং অধিনায়কও। আমরা ওকে দলে পাওয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব।” যদিও নিউজিল্যান্ড শিবিরের পক্ষ থেকে বিকল্প হিসেবে টম ব্ল্যান্ডেলকে ডেকে পাঠানো হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ম্যাচে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন উইলিয়ামসন।
❤ Support Us








