Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ৫, ২০২২

বাংলায় গেলে খুন হবেন, কেউ বললে আমার গায়ে লাগে’, অমিত শাহর বঙ্গ সফরেই তাঁকে জবাব মুখ্যমন্ত্রীর

শাহ সফরসূচিতে চমক! সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলায় গেলে খুন হবেন, কেউ বললে আমার গায়ে লাগে’, অমিত শাহর বঙ্গ সফরেই তাঁকে জবাব মুখ্যমন্ত্রীর

বিধানসভা নির্বাচনের পর প্রথমবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দু’দিনে সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর । দমদম বিমানবন্দরে থেকে অমিত শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক ও সুকান্ত মজুমদার । শুক্রবার সন্ধেয় ভিক্টোরিয়ার অনুষ্ঠান শেষে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন অমিত শাহ এমনটাই শোনা যাচ্ছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এখনও এই খবর নিশ্চিত করা হয়নি। তবে অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যে এনএসজির তরফে রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সারতে পারেন নৈশভোজও।
বঙ্গে পা রেখেই বাংলায় টুইট অমিত শাহের । লেখেন, ‘দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সঙ্গে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি।’

এরপর বিএসএফের অনুষ্ঠানে যোগ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী । বিএসএফের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হিঙ্গলগঞ্জে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়নের অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। তাঁর সঙ্গে হেলিকপ্টারে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিক ।হরিদাসপুরে বিএসএফ ক্যাম্পের অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ‘দেশের সুরক্ষা বিএসএফ জওয়ানরাই করতে পারেন । সীমান্তে বিএসএফ রয়েছেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি । মুক্তিযুদ্ধে ভূমিকা ছিল বিএসএফের । নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগোচ্ছে । ভারত-বাংলাদেশ সীমান্তে সবচেয়ে বেশি অনুপ্রবেশের সমস্যা রয়েছে । কৌশল বদল করছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশকারীদের রোখাই বড় চ্যালেঞ্জ। অনুপ্রবেশ রুখতে টহলদারিতে জোর দেওয়ার নির্দেশ শাহের । এছাড়া মৈত্রী সংগ্রহশালার শিলান্যাসও করেন তিনি ।

অমিত শাহ এখন বঙ্গে । আর তাঁর এই সফরে ঘিরে মাসখানেক আগে তাঁরই করা এক উক্তির প্রসঙ্গ টেনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা কড়া জবাব দিলেন । বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শপথগ্রহণের বর্ষপূর্তিতে সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অর্থ প্রদানের অনুষ্ঠানে মমতা বলেন, ‘যদি কেউ বলেন বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবেন, আমার গায়ে লাগে।’
গত মাসে সংসদের অধিবেশন চলাকালীন রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, ‘বাংলায় যাবেন না। বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন ।’ তাঁর এহেন মন্তব্যের বিরুদ্ধে রাজ্যসভায় বিতর্কের ঝড় ওঠে । শাহের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদরা । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রতিক্রিয়া দেন, ‘হতাশা থেকেই এরকম কথা বলছেন অমিত শাহ। বাংলার মানুষের প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি উনি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কী হয়, তিনি ভুলে গিয়েছেন।’

তার জবাবে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, “যদি কেউ বলেন বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবেন, আমার গায়ে লাগে। এটা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, বাংলা অন্যান্য রাজ্যের থেকে অনেক ভাল।’ তাঁর আরও অভিযোগ, উত্তরপ্রদেশে বিচার চাইতে গেলে পুলিশ নির্যাতিতার উপরই অত্যাচার চালায়। বাংলায় সেটা করার সাহস কারও হবে না। কেউ যদি এমন কাজ করে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না । সরকার রঙ না দেখে সবার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেয়।’ এর আগে হাঁসখালি গণধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্কের অবকাশ তৈরি হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী তারও ব্যাখ্যা করেন। বলেন, “আমি একটু খুঁতখুঁতে লোক। সব দিক দেখেশুনে তবেই সিদ্ধান্ত নিতে হয়। তাই বিস্তারিত রিপোর্টের অপেক্ষা করি।’

 

 

শুক্রবার সন্ধেয় ভিক্টোরিয়ার অনুষ্ঠান শেষে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন অমিত শাহ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এখনও এই খবর নিশ্চিত করা হয়নি । তবে অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যে এনএসজির তরফে রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । সারতে পারেন নৈশভোজও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!