- এই মুহূর্তে দে । শ
- মে ১৩, ২০২৩
অবশেষে লাহোরের ফিরলেন ইমরান। বাসভবনে এসেই পাক সরকারের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ
অবশেষে শনিবার ঘরে ফিরলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সুপ্রিমো ইমরান খান। এদিন সকালে লাহোরের বাসভবনে ফিরেছেন ইমরান খান। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ইমরানকে। ইমরানের গ্রেফতারের পরে পাকিস্তানজুড়ে তুমুল বিক্ষোভে নেমেছে্ তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা। নিরাপত্তা বাহিনী ও পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে ইমরানের অনুগামীদের। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে ইতিমধ্যে অন্তত ৯জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কয়েকশো পুলিশকর্মী।
অশান্তি এবং হিংসা পাকানোর দায়ে এপর্যন্ত চার হাজারের বেশি আন্দোলনকারীকে গ্রেফতার এবং আটক করা হয়েছে। ধৃত ও আটকদের বেশিরভাগই পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা। পুলিশ এও জানিয়েছে, কেবল মাত্র পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর তিন হাজারের কাছাকাছি নেতা-কর্মীকে। অশান্তি পাকানোর দায়ে তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে কেবলমাত্র পঞ্জাব প্রদেশেই দুই শতাধিক মামলা দায়ের হয়েছে।
এদিন লাহোরের বাসভবনে পৌঁছে ইমরান খান বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানে এমন জমানা চলছে, যখন দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সুপ্রিমোকে আধা সামরিক বাহিনী হাইকোর্ট চত্বর থেকে অপহরণ করছে। গ্রেফতারের পরে তাঁর সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন ইমরান।
ইমরান ঘরে ফেরার পরে লাহোর ও অন্যত্র ইমরান সমর্থকরা আনন্দ উদযাপন করছেন। এমনই একজন ইমরান সমর্থকের কথায়, ইমরানকে জেলে পুরে ওঁর প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত চললেও ইমরান প্রমাণ করেছেন, তিনি বরাবরই সত্যের পক্ষে, কারণ সত্যের জয় অবশ্যম্ভাবী।
তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনীতিকদের গ্রেফতারের ঘটনা অভিনব কিছু নয়। বরং ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকেই সেদেশের বিরোধী রাজনীতিকদের গ্রেফতার করে জেলে পুরেছে শাসকপক্ষ।
❤ Support Us







