Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১৯, ২০২৩

সুদানে আটক দেশের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সক্রিয় বিদেশমন্ত্রক । প্রয়োজনে সহায়তা কোয়ার্টেট গোষ্ঠীর

আরম্ভ ওয়েব ডেস্ক
সুদানে আটক দেশের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সক্রিয় বিদেশমন্ত্রক । প্রয়োজনে সহায়তা কোয়ার্টেট গোষ্ঠীর

সুদানে সেনা বাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর সংঘর্ষ অব্যাহত। সুদানজুড়ে এখন প্রবল অশান্তির আবহ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারতের বিদেশমন্ত্রক। কারণ সুদানে আটকে রয়েছেন বেশ কিছু ভারতীয় নাগরিক। তাঁদের নিরাপত্তা সুরক্ষিত করতে ভারতের বিদেশমন্ত্র্রক যোগাযোগ করেছে কোয়ার্টেটের অন্তর্গত দেশগুলির সঙ্গে।

কোয়ার্টেটের অন্তর্গত দেশগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে সুদানে গৃহযুদ্ধের পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তার স্বার্থে।

বিদেশমন্ত্র্ক সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যে সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। এরপর তা টুইট করে জানিয়েছেন জয়শঙ্কর। টুইটে তিনি লিখেছেন, আলোচনার ফল সদর্থক। ভারতীয়দের নিরাপত্তায় লাগাতারভাবেই যোগাযোগ রেখে চলা হবে।

বিদেশমন্ত্রক সূত্রের খবর, ভারতকে বাস্তবোচিত সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সৌদি আরবের বিদেশমন্ত্রী। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও ব্রিটিশ সরকারের সঙ্গে সুদানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তাজনিত বিষয়ে যোগাযোগ রেখে চলেছেন। একইসঙ্গে ভারতের বিদেশমন্ত্রক রাষ্ট্রসঙ্ঘের সঙ্গেও যোগাযোগ বজায় রাখছে।

সূত্রের খবর, অশান্ত সুদানে আটকে পড়া ভারতীয়দের সহায়তায় ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রক কন্ট্রোল রুম চালু করেছে। সুদানস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গেও নিয়মিতভাবে যোগাযোগ রাখা হচ্ছে। সুদানের আটকে পড়া ভারতীয় নাগরিকদের সঙ্গে হোয়াটস অ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা হচ্ছে।

এমুহূর্তে সুদানের রাস্তাঘাটে পরিস্থিতি উত্তপ্ত, ছড়াচ্ছে হিংসাও। ভারতের বিদেশমন্ত্র্ক জানিয়েছে, সুদানের পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিস্থিতির দিকে লাগাতার নজর রাখছে বিদেশমন্ত্রক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!