Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৫, ২০২২

অভিষেক ম্যাচে ২ উইকেট উমরান মালিকের, ৭ উইকেটে হারল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক ম্যাচে ২ উইকেট উমরান মালিকের, ৭ উইকেটে হারল ভারত

টি ২০ সিরিজ জেতার পর একদিনের সিরিজে শুরুটা ভাল হল না ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৭ উইকেটে হারল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারত ৭ উইকেটে তোলে ৩০৬। জবাবে ৪৭.১ ওভারে ৩ উইকেটে ৩০৯ তুলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড । জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হল উমরান মালিক ও অর্শদীপ সিংয়ের। ২ উইকেট তুলে নিয়েও ভারতকে জেতাতে পারলেন না উমরান মালিক। টম লাথামের ১০৪ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস জয় এনে দেয় নিউজিল্যান্ডকে।

টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিল। টি ২০ ক্রিকেটে ওপেনিং জুটি নিয়ে সমস্যায় পড়তে হয়েছে ভারতকে। একদিনের ক্রিকেটে অন্যছবি। এদিন ধাওয়ান ও শুভমান ওপেনিং জুটিতে তোলেন ১২৪। ভারতের প্রথম উইকেট পড়ে ২৩.‌১ ওভারের মাথায়। লকি ফার্গুসনের বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন শুভমান গিল। ৬৫ বলে ৫০ রান করেন শুভমান। পরের ওভারেই শিখর ধাওয়ানকে তুলে নেন টিম সাউদি। ৭৭ বলে ৭২ রান করেন ধাওয়ান।

টি ২০ ক্রিকেটের মতো একদিনের ম্যাচেও ব্যাটিং অর্ডারে তুলে নিয়ে আসা হয়েছিল ঋষভ পন্থকে। সুযোগ কাজে লাগাতে পারলেন না। ২৩ বলে মাত্র ১৫ রান করেন। ক্রিজে এসেই ফার্গুসনকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন সূর্যকুমার যাদব (‌৪)‌। একবল পরেই স্লিপে ফিন অ্যালেনের হাতে ধরা পড়েন তিনি। এরপর দলকে টেনে নিয়ে যান শ্রেয়স আয়ার ও সঞ্জু স্যামসন। ৩৮ বলে ৩৬ রান করে আউট হন সঞ্জু। ওয়াশিংটন ও শ্রেয়সের দাপটেই ৩০০ রানের গন্ডি টপকে যায় ভারত। শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হন শ্রেয়স। ৭৬ বলে তিনি করেন ৮০। ১৬ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর। সাউদি ও ফার্গুসন ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ৩০৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি নিউজিল্যান্ডের। ওপেনিং জুটিতে ওঠে মাত্র ৩৫। একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি অর্শদীপ সিং। ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন শার্দুল ঠাকুর। অস্টম ওভারে তুলে নেন ফিন অ্যালেনকে (‌২২)‌। এরপর অভিষেক ম্যাচে জ্বলে ওঠেন উমরান মালিক। তুলে নেন ডেভন কনওয়ে (‌২৪)‌ ও ড্যারিল মিচেলকে (‌১১)‌। এরপর নিউজিল্যান্ডকে টেনে নিয়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন ও টম লাথাম। এই জুটিই জয় এনে দেয় নিউজিল্যান্ডকে। ৯৮ নলে ৯৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৬৬ রানে ২ উইকেট নেন উমরান মালিক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!