- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৬, ২০২৩
হায়দরাবাদকে হারিয়ে প্রথম দল হিসেবে আইপিএলের ছাড়পত্র গুজরাটের
১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফের দিকে আগেই পা বাড়িয়ে রেখেছিল। সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি আইপিএলে প্লে অফ নিশ্চিত করল গুজরাট টাইটান্স। অন্যদিকে, গুজরাটের কাছে হেরে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদের। জীবনের প্রথম আইপিএল সেঞ্চুরি করে গুজরাটকে প্লে অফে তুলে নিয়ে গেলেন শুভমান গিল।
টস জিতে এদিন গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক মার্করাম। ঋদ্ধিমান সাহাকে (০) ইনিংসের তৃতীয় বলেই তুলে নেন ভুবনেশ্বর কুমার। এরপর রুখে দাঁড়ান শুভমান গিল ও সাই সুদর্শন। ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শুভমান। শুভমান ও সুদর্শনের জুটিতে ওঠে ১৪৭। ১৫ তম ওভারের প্রথম বলে সাই সুদর্শনকে (৩৬ বলে ৪৭) তুলে নেন মার্কো জানসেন। এরপরই ধস নামে গুজরাট ইনিংসে। পরপর ফিরে যান হার্দিক পান্ডিয়া (৮), ডেভিড মিলার (৭), রাহুল তেওয়াটিয়ারা (৩)। একপ্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্তে লক্ষ্যে অবিচল থেকে সেঞ্চুরি পূর্ণ করেন শুভমান গিল। জীবনের প্রথম আইপিএল সেঞ্চুরি আসে ৫৬ বলে। শেষ পর্যন্ত ৫৮ বলে ১০১ রানে আউট হন শুভমান। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার ও ১টি ছক্কা।
শুরুর দিকে মনে হচ্ছিল গুজরাট হয়তো ২০০ রানের গন্ডি পার করে দেবে। কিন্তু শেষ ওভারে জ্বলে ওঠেন ভুবনেশ্বর কুমার। মাত্র ১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। প্রথম বলেই তুলে নেন শুভমানকে। পরের বলে ফেরান রশিদ খানকে (০)। তৃতীয় বলে রান আউট হন নূর আমেদ (০)। চতুর্থ বলে ১ রান দেন ভুবনেশ্বর। পঞ্চম বলে মহম্মদ সামিকে (০) ফেরান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৮/৯ তোলে গুজরাট। দুরন্ত বোলিং করে ৩০ রানে ৫ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে হায়দরাবাদ। মহম্মদ সামি পরপর তুলে নেন আনমোলপ্রীত সিং (৫), রাহুল ত্রিপাঠি (১), এইডেন মার্করামকে (১০)। অন্যদিকে, অভিষেক শর্মাকে (৪) ফেরান যশ দয়াল। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের মিডল অর্ডারে ধস নামান মোহিত শর্মা। তুলে নেন সনভীর সিং (০), আব্দুল সামাদ (৪) ও মার্কো জানসেনকে (৩)। ২০ ওভারে ১৫৪/৯ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস। লড়াই করেন হেনরিক ক্লাসেন (৪৪ বলে ৬৪) ও ভুবনেশ্বর কুমার (২৫ বলে ২৭)। ২০ রানে ৪ উইকেট নেন মহম্মদ সামি। ২৮ রানে ৪ উইকেট মোহিত শর্মার।
❤ Support Us








