- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৬, ২০২৩
রাজস্থানকে ৯ উইকেটে উড়িয়ে প্লে অফের আরও কাছে গুজরাট টাইটান্স
লিগ টেবিলের শীর্ষে ওঠার স্বপ্ন পূরণ হল না রাজস্থান রয়্যালসের। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে ৯ উইকেটে হেরে চতুর্থ স্থানেই থাকতে হল রাজস্থানকে। অন্যদিকে, ১০ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল গুজরাট টাইটান্স। এদিন সোয়াই মানসিং স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় রাজস্থান। জবাবে ১৩.৫ ওভারে ১১৯/১ তুলে ম্যাচ জিতে নেয় গুজরাট।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় রাজস্থান। জস বাটলারকে (৮) তুলে নেন হার্দিক পান্ডিয়া। সঞ্জু স্যামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট যশস্বী জয়সওয়াল (১১ বলে ১৪)। সঞ্জু (২০ বলে ৩০) আউট হতেই যাবতীয় প্রতিরোধ শেষ রাজস্থানের। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে রাজস্থানের। পরপর ফিরে যান রবিচন্দ্রন অশ্বিন (২), রিয়ান পরাগ (৪), দেবদত্ত পাড়িক্কল (১২ বলে ১২), সিমরন হেটমায়ের (৭), ধ্রুব জুরেলরা (৯)। ট্রেন্ট বোল্ট (১১ বলে ১৫) রাজস্থানকে ১০০ রানের গন্ডি পার করে দেন। দুরন্ত বোলিং করে ১৪ রানে ৪ উইকেট তুলে নেন রশিদ খান। ২৫ রানে ২ উইকেট নেন নূর আমেদ।
জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে–র ৬ ওভারে ৪৯ তুলে ফেলে গুজরাট টাইটান্স। কম রানের পুঁজি নিয়ে দলকে জেতাতে গেলে যেভাবে জ্বলে ওঠা দরকার, পারেননি ট্রেন্ট বোল্টরা। ওপেনিং জুটিতে ৭১ রান তুলে ফেলেন ঋদ্ধি ও শুভমান। দশম ওভারে জুটি ভাঙেন যুজবেন্দ্র চাহাল। তুলে নেন শুভমানকে (৩৫ বলে ৩৬)। ক্রিজে নেমেই ঝড় তোলেন হার্দিক। অ্যাডাম জাম্পার এক ওভারে তিনটি ৬ ও একটা চার মারেন। ওই ওভারে ওঠে ২৪। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে ১১৯/১ রান তুলে ম্যাচ জেতে নেয় গুজরাট। ঋদ্ধিমান সাহা ৩৪ বলে ৪১ রান ও হার্দিক পান্ডিয়া ১৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।
❤ Support Us








