- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৯, ২০২৩
মোহালিতে রানের পিকনিক, পাঞ্জাবকে ৫৬ রানে হারিয়ে প্রতিশোধ লখনউ–র
আগের ম্যাচের ব্যর্থতা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল লখনউ সুপার জায়ান্ট। এদিন মোহালিতে পাঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে ৫৬ রানে হারিয়ে প্রথম পর্বের পরাজয়ের মধুর প্রতিশোধ নিল। একই সঙ্গে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল লখনউ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৫৭/৫ তোলে লখনউ। আইপিএলের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। জবাবে ২০১ রানে শেষ পাঞ্জাব। মোহালিতে এদিন রানের পিকনিক।
প্রথমে ব্যাট করতে নেমে এদিন দারুণ শুরু করেছিল লখনউয। ওপেনিং জুটিতে তোলে ৪১। যদিও অধিনায়ক লোকেশ রাহুল (৯ বলে ১২) আবার ব্যর্থ। রাহুল ব্যর্থ হলেও ঝড় তোলেন কাইল মেয়ার্স। ২০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৪ বলে ৫৪ রান করে আউট হন। মেয়ার্স আউট হলেও লখনউ–র রানের গতি কমেনি। আয়ুশ বাদোনিও ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন ১৩.৩ ওভারের মাথায় বাদোনি যখন আউট হন, লখনউ–র রান তখন ১৬৩।
বাদোনির মতো মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরান ঝোড়োগতিতে রান তুলতে থাকেন। ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন স্টয়নিস। শেষ পর্যন্ত ৪০ বলে ৭২ রান করে তিনি আউট হন। ১৯ বলে ৪৫ রান করে আউট হন নিকোলাস পুরান। শেষ পর্যন্ত ২০ ওভারে ২৫৭ রান তোলে লখনউ। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে বেঙ্গালুরুতে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে ২৬৩ তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্য খুবি কঠিন ছিল পাঞ্জাব কিংসের কাছে। প্রথম ওভারেই স্টয়নিসের বলে আউট ধাওয়ান (১)। চতুর্থ ওভারে প্রভসিমরন সিংকে (৯) তুলে নেন নবীন–উল–হক। এরপর পাঞ্জাবকে টেনে নিয়ে যান অথর্ব তাইডে ও সিকান্দার রাজা। ২২ বলে ৩৬ রান করে আউট হন সিকান্দার রাজা। দুরন্ত ব্যাটিং করে ৩৬ বলে ৬৬ রান করেন অথর্ব তাইডে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ২০১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস। ১৪ বলে ২৩ রান করেন লিয়াম লিভিংস্টোন। ১০ বলে ২৪ রান করেন জিতেশ শর্মা। ৩৭ রানে ৪ উইকেট নেন যশ ঠাকুর। ৩০ রানে ৩ উইকেট নবীন–উল–হকের। ২ উইকেট পান রবি বিষ্ণোই।
❤ Support Us








