- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১১, ২০২৩
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নেমে একাধিক নজির কোহলির
একের পর এক মাইলস্টোন গড়েই চলেছেন বিরাট কোহলি। সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নেমে গড়েছেন একাধিক নজির। একদিকে যেমন আইপিএলে যেমন সবথেকে বেশিবার ৫০-এর বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছেন, তেমনই সবথেকে বেশি দলের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার রেকর্ডও গড়েছেন। যুগ্মভাবে একই স্টেডিয়ামে সবথেকে বেশি হাফ সেঞ্চুরির মালিকও হয়ে গেলেন তিনি। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ছক্কা মারার দিক দিয়ে ঢুকে গেলেন ৫ নম্বরে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাট কোহলি ৪টি করে চার ও ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন। চলতি আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান। আইপিএলে ২২৬তম ম্যাচে ২১৮টি ইনিংসে মোট ৬৭৮৮ রান করেছেন। গড় ৩৬.৬৯, স্ট্রাইক রেট ১২৯.৫৪। পাঁচটি শতরান। এদিন ৪৬তম অর্ধশতরান করেন। ফলে আইপিএলে তিনি ৫১ বার ৫০ বা তার বেশি রান করলেন। ভারতীয়দের মধ্যে শিখর ধাওয়ানের এই নজির রয়েছে। শিখর আইপিএলে ২টি শতরান ও ৪৯টি হাফ সেঞ্চুরি পেয়েছেন।
আইপিএলে সবথেকে দলের বিরুদ্ধে হাফ সেঞ্চুরির নজির গড়েছেন কোহলি। সবথেকে বেশি ১৩টি দলের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছেন। আগে ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভীর এবং শিখর ধাওয়ানের সঙ্গে সবথেকে বেশি দলের বিরুদ্ধে হাফ সেঞ্চুরির রেকর্ডের মালিক ছিলেন কোহলি। সোমবার বেঙ্গালুর চিন্নাস্বামী স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে তিনি এককভাবে এই রেকর্ডের মালিক হয়ে গেলেন।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেছেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ছক্কা মারার তালিকায় তিনি ৫ নম্বরে ঢুকে গেলেন। ২১৮ ম্যাচে তিনি ২২৭টি ছক্কা মেরেছেন। টপকে গেলেন ৫ নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ব্যাটার কিয়েরন পোলার্ডকে। প্রাক্তন এই ক্যারিবিয়ান তারকা ১৭১ টি আইপিএল ম্যাচে ২২৩টি ছক্কা মেরেছেন। সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। ১৭০ টি আইপিএল ম্যাচে তিনি ৩৫৭ টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন তারকা এবি ডিভিলিয়ার্সের। ১৭০ ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা ২৫১। তৃতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তিনি মেরেছেন ২৪১ টি ছক্কা। আর চতুর্থ স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মেরেছেন ২৩২ টি ছক্কা।
আইপিএলে সব থেকে বেশি দলের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করা ছাড়াও একটা স্টেডিয়ামে সবথেকে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। বেঙ্গালুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই নিয়ে মোট ২৪টি হাফ সেঞ্চুরি করলেন তিনি। ইংল্যান্ডের অ্যালেক্স হেলসও একটা মাঠে ২৪ টি হাফ সেঞ্চুরি করেছেন। ট্রেন্ড ব্রিজে তাঁর হাফ সেঞ্চুরির সংখ্যা ২৪। এছাড়া ওভালে ২১ টি হাফ সেঞ্চুরি করার নজির রয়েছে জেসন রয়ের। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ঢাকার মিরপুর স্টেডিয়াম ২১ টি হাফ সেঞ্চুরি করেছেন।
❤ Support Us







