Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১২, ২০২৩

ব্রাভোর রেকর্ড ভেঙে আইপিএলে সবথেকে বেশি উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রাভোর রেকর্ড ভেঙে আইপিএলে সবথেকে বেশি উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল

আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি উইকেটের মালিক হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভেঙে দিলেন ডোয়েন ব্রাভোর রেকর্ড। আইপিএলের ইতিহাসে এতদিন সব থেকে বেশি উইকেটের মালিক ছিলেন এই ক্যারিবিয়ান তারকা। তাঁর ঝুলিতে ১৮৩ উইকেট। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নীতীশ রানার উইকেট তুলে নিয়ে ডোয়েন ব্রাভোকে টপকে যান চাহাল।
১৬১ আইপিএল ম্যাচের ১৫৭ ইনিংসে ১৮৩ উইকেট পান ডোয়েন ব্রাভো। যুজবেন্দ্র চাহাল ১৪২ ম্যাচের ১৪১ তম ইনিংসে তাঁকে টপকে গেলেন। এই মুহূর্তে চাহালের উইকেট সংখ্যা ১৮৭। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিয়ে ব্রাভোর রেকর্ড স্পর্শ করেছিলেন চাহাল। বৃহস্পতিবার ম্যাচের দশম ওভারে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনি নীতীশ রানাকে তুলে নেন। পরে আরও তিন উইকেট তুলে নেন চাহাল। ম্যাচে ২৫ রানে ৪ উইকেট পান তিনি।
১৮৭ উইকেট নিয়ে আইপিএলের ইতিহাসে শীর্ষে চাহাল। ১৮৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাভো। ১৭৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পীযুষ চাওলা। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অমিত মিশ্র। তিনি পেয়েছেন ১৭২ উইকেট। আর ১৭১ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৩ সালে ইডেন গার্ডেন্সেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয়েছিল যুজবেন্দ্র চাহালের। রাজস্থান রয়্যালস ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতেও খেলেছেন চাহাল।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বেগুনি টুপির  মালিক হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের এই স্পিনার। ছাপিয়ে গেলেন মহম্মদ সামিকে। চলতি আইপিএলে ১২ ম্যাচে চাহাল তুলে নিয়েছেন ২১ উইকেট। ৪ উইকেট নিয়েছেন ৩ বার। গড় ১৬.৯০। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সামি। ১১ ম্যাচে তিনি পেয়েছেন ১৯ উইকেট। এছাড়া ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন রশিদ খান। আর ১২ ম্যাচে ১৯ উইকেট তুষার দেশপান্ডের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!