Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২, ২০২৪

ঘরের মাঠেও অধরা জয়, আবার বিদ্রুপের শিকার হার্দিক পান্ডিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘরের মাঠেও অধরা জয়, আবার বিদ্রুপের শিকার হার্দিক পান্ডিয়া

নেতৃত্ব বদলই কি বুমেরাং হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে?‌ চলতি আইপিএলে ৩ ম্যাচ খেলা হয়ে গেল। অথচ এখনও জয়ের দেখা নেই হার্দিক পান্ডিয়ার দলের। ১০ দলের লিগে মুম্বইয়ের স্থান এখন সবার শেষে। অন্যদিকে, সোমবার মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। দুরন্ত বোলিং করে মুম্বইয়ে বিধ্বস্ত করেন যুজবেন্দ্র চাহাল ও ট্রেন্ট বোল্ট।

মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব বদল নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। মঙ্গলবার ঘরের মাঠে প্রথম দলকে নেতৃত্ব দিতে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। টস করতে নামার সময় ওয়াংখেড়ের গ্যালারিতে ‘‌হায় হায় হার্দিক’‌ স্লোগান। দলের পক্ষে সর্বোচ্চ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি মুম্বই অধিনায়ক। আসলে শুরুতেই চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়া মুম্বইয়ের ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না।

টস জিতে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। প্রথম ওভারেই পরপর দু’‌বলে রোহিত শর্মা (‌০) ও নমন ধীরকে (‌০)‌ তুলে নিয়ে ট্রেন্ট বোল্ট যে ধাক্কা দিয়েছিলেন তা থেকে বেরিয়ে আসতে পারেনি মুম্বই। তৃতীয় ওভারে ব্রেভিসকেও (‌০)‌ তুলে নেন বোল্ট। অন্যদিকে, ঈশান কিষাণকে (‌১৬)‌ ফেরান নান্দ্রে বার্গার। তিলক ভার্মা (‌২৯ বলে ৩২)‌ ও হার্দিক পান্ডিয়া (‌২১ বলে ৩৪)‌ কিছুটা লড়াই করলেও যথেষ্ট ছিল না। ২০ ওভারে ১২৫/‌৯ রানের বেশি তুলতে পারেনি মুম্বই। দুরন্ত বোলিং করে মুম্বইয়ের মিডল অর্ডারে ভাঙন ধরান যুজবেন্দ্র চাহাল। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। ২২ রানে ৩ উইকেট নেন বোল্ট।

জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না রাজস্থানের সামনে। তবে যশস্বী জয়সওয়াল (‌১০)‌, জস বাটলারদের (‌১৩)‌ তৃতীয় ম্যাচেও বড় রান না পাওয়াটা চিন্তায় রাখবে রাজস্থানকে। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ১২, রবিচন্দ্রন অশ্বিন ১৬। নিজের ছন্দ ধরে রেখে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রিয়ান পরাগ (‌৩৯ বলে অপরাজিত ৫৪)। ১৫.‌৩ ওভারে ১২৭/‌৪ তুলে ম্যাচ জিতে নেয় রাজস্থান। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!