Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৬, ২০২৪

‌অভিষেকের ঝোড়ো ব্যাটিং, মার্করামের হাফসেঞ্চুরিতে ধোনিদের বিরুদ্ধে বাজিমাত হায়দরাবাদের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌অভিষেকের ঝোড়ো ব্যাটিং, মার্করামের হাফসেঞ্চুরিতে ধোনিদের বিরুদ্ধে বাজিমাত হায়দরাবাদের

একদিকে মহেন্দ্র সিং ধোনির মতো ক্ষুরধার মস্তিষ্ক, অন্যদিকে শক্তিশালী ব্যাটিং। এই আবহেই শুক্রবার আইপিএলে দক্ষিণ ভারতীয় ডার্বিতে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইকে ৬ উইকেটে উড়িয়ে বাজিমাত হায়দরাবাদের। দুরন্ত বোলিংয়ের পাশাপাশি শক্তিশালী ব্যাটিং জয় এনে দিয়েছে প্যাট কামিন্সের দলকে।
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। হায়দরাবাদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ পাননি চেন্নাই ব্যাটাররা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই সুপার কিংস। ৯ বলে ১২ রান করেন রাচিন রবীন্দ্র। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২১ বলে করেন ২৬, অজিঙ্কা রাহানে ৩০ বলে ৩৫। ড্যারিল মিচেলে অবস্থাও একই। ১১ বলে তিনি করেন ১৩।
কিছুটা ব্যতিক্রম ছিলেন শিবম দুবে। ২টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ২৪ বলে সর্বাধিক ৪৫ রান করেন তিনি। রবীন্দ্র জাদেজা ২৩ বলে ৩১ ও মহেন্দ্র সিং ধোনি ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন। ১টি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, প্যাট কামিন্স, শাহবাজ আহমেদ ও জয়দেব উনাদকাট।
জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য শক্তিশালী হায়দরাবাদের ব্যাটিং লাইনের কাছে একেবারেই কঠিন ছিল না। শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা। ২.‌৩ ওভারেই ওপেনিং জুটি ৪৬ রানে পৌঁছে যায় হায়দরাবাদ। ৩টি ৪ ও ৪টি ছক্কার সাহায্যে ১২ বলে ৩৭ রান করে আউট হন অভিষেক। পাওয়ার প্লে–র ৬ ওভারে হায়দরাবাদের রান ছিল ১ উইকেটে ৭৮। ১০ ওভারের মধ্যেই ১০০।
দশম ওভারের চতুর্থ বলে আউট হন ট্রাভিস হেড। ২৪ বলে তিনি করেন ৩১। তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন। হেড আউট হওয়ার পর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম। ৩৬ বলে ৫০ রান করে তিনি আউট হন। ১৯ বলে ১৮ রান করেন শাহবাজ আমেদ। এরপর হায়দরাবাদকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হেনরিখ ক্লাসেন (‌১১ বলে অপরাজিত ১০)‌ ও নীতিশ রেড্ডি (‌৮ বলে অপরাজিত ১৪)‌। ১১ বল বাকি থাকতে ১৬৬/‌৪ তুলে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!