- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৩, ২০২৫
আইআরসিটিসি দুর্নীতি মামলায় চার্জ গঠন । বিধানসভা ভোটের আগে অস্বস্তি বাড়ল আরজেডি শিবিরে
বিহার বিধানসভা ভোটের আর এক মাসও বাকি নেই, তার মধ্যেই নতুন করে চাপে পড়লেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বী যাদব। সোমবার আইআরসিটিসি দুর্নীতি মামলায় এই তিনজনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বিশেষ সিবিআই আদালতের বিচারক বিশাল গগন এ দিন এই নির্দেশ জারি করেন।
সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়েছে, লালু, রাবড়ি ও তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা চলবে। তদন্তে এমন বেশ কিছু তথ্য উঠে এসেছে, যা থেকে প্রমাণিত, তিনজনই সক্রিয় ভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
হুইলচেয়ারে বসে এ দিন আদালতে হাজির হন লালুপ্রসাদ যাদব, সঙ্গে ছিলেন রাবড়ি দেবী ও তেজস্বী যাদব। রবিবারই তাঁরা দিল্লিতে পৌঁছেছিলেন আদালতে হাজিরা দেওয়ার জন্য। শুনানির সময় বিচারক তাঁদের প্রশ্ন করেন, তাঁরা কি অভিযোগ স্বীকার করছেন? তিনজনই একবাক্যে অভিযোগ অস্বীকার করেন এবং জানান, তাঁরা বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।
রাবড়ি দেবীর বক্তব্য, “এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে, লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন রাঁচি ও পুরীর আইআরসিটিসি হোটেল দুটি বেসরকারি সংস্থা সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেডের হাতে সাব-লিজ়ে দেওয়া হয়। অভিযোগ, এই প্রক্রিয়ায় লালু পদ ও ক্ষমতার অপব্যবহার করেছিলেন এবং তার মাধ্যমে রাবড়ি দেবীর মালিকানাধীন সংস্থার আর্থিক সুবিধা হয়েছিল।
এই ঘটনার তদন্ত করছে সিবিআই, যার দাবি — লালু পরিবার দুর্নীতিতে সরাসরি জড়িত এবং তদন্তে যথেষ্ট প্রমাণ হাতে এসেছে। তবে যাদব পরিবারের দাবি, “আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণই নেই। এটি নিছকই রাজনৈতিক প্রতিহিংসার ফল।”
বিহারের ভোটের মুখে এই মামলায় চার্জ গঠনের সিদ্ধান্তে আরজেডি শিবিরে অস্বস্তি বাড়ছে। লালু-রাবড়ি-তেজস্বীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় রাজ্যের রাজনৈতিক সমীকরণেও নতুন উত্তাপ যোগ হল।
❤ Support Us







