Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১০, ২০২২

আবার হার, খারাপ সময় কাটিয়ে উঠতে পারল না নর্থ–ইস্ট ইউনাইটেড

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার হার, খারাপ সময় কাটিয়ে উঠতে পারল না নর্থ–ইস্ট ইউনাইটেড

চলতি আইএসএলে খারাপ সময় অব্যাহত উত্তর–পূর্ব ভারতের একমাত্র দল নর্থ–ইস্ট ইউনাইটেডের। আগের পাঁচটি ম্যাচেই হারতে হয়েছিল গুয়াহাটির এই ফ্র‌্যাঞ্চাইজি দলকে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল। কিন্তু স্বপ্নপূরণ হল না। ষষ্ঠ ম্যাচেও হারতে হল নর্থ–ইস্ট ইউনাইটেডকে। প্রথমে পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েও শেষরক্ষা হল না। নর্থ–ইস্ট ইউনাইটেডকে হারতে হল ১–২ ব্যবধানে। সবুজ–মেরুণের হয়ে দুটি গোল করেন লিস্টন কোলাসো ও শুভাসিস বোস। নর্থ–ইস্ট ইউনাইটেডের হয়ে গোলটি করেন অ্যারন ইভান্স। এদিন জয়ের জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে এটিকে মোহনবাগানকে। এই জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল জুয়ান ফেরান্দোর দল।
মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি এটিকে মোহনবাগানের। এদিন অবশ্য অন্য মেজাজে শুরু করেছিলেন হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা। ২ মিনিটেই নর্থ–ইস্টের জালে বল ঢুকিয়েছিলেন পেত্রাতোস। তাঁর গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। শুরু থেকে এটিকে মোহনবাগানের দাপট থাকলেও সব আক্রমণই ছিল বামপ্রান্ত কেন্দ্রিক।  প্রথমার্ধে ডানদিক সেভাবে সচল ছিল না। আশিস রাই সেভাবে ডানদিক থেকে আক্রমণ গড়ে তুলতে পারছিলেন না। বরং বাঁপ্রান্ত অনেকটাই সচল ছিল। লিস্টন কোলাসো বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। কিন্তু পেনিট্রেটিভ জোনে খেই হারিয়ে ফেলছিলেন।
৩৪ মিনিটে গোল করার সুযোগ এসেছিল লিস্টন কোলাসোর সামনে।  দু–তিনজনকে ড্রিবল করে শট নিয়েছিলেন। সরাসরি নর্থ–ইস্ট ইউনাইটেড গোলকিপারের হাতে চলে যায়। পরের মিনিটেই দলকে এগিয়ে দেন লিস্টন। সেন্টার সার্কেলের মধ্যে বল ধরে এগিয়ে যান হুগো বুমোস। ডিফেন্স চেরা থ্রু বাড়ান লিস্টনের উদ্দেশ্যে। বল ধরে ডানপায়ের কোনাকুনি শটে জালে পাঠান লিস্টন। চলতি আইএসএলে এটা তাঁর প্রথম গোল। ৪৫ মিনিটে ব্যবধান বাড়তে পারত এটিকে মোহনবাগানের। জনি কাউকোর একটা শট দুর্দান্তভাবে বাঁচিয়ে দেন নর্থ–ইস্ট ইউনাইটেড গোলকিপার মির্শাদ।
দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল এটিকে মোহনবাগানের। তার মাঝেই প্রতিআক্রমণে উঠে এসে ৫৪ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল নর্থ–ইস্ট ইউনাইটেডের সামনে। পার্থিব গোগোইয়ের ফ্লিক গোলে ঢোকার মুখে হাতে লাগান এটিকে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। বল তাঁর হাতে লেগে পোস্টে লেগে ফিরে আসে। ৫৭ মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন দিমিত্রি পেত্রাতোস। বাঁদিক থেকে বল নিয়ে বক্সে ঢুকে গিয়ে সামনে একা গোলকিপারকে পেয়েও বাইরে মারেন তিনি।
৮২ মিনিটে সমতা ফেরায় নর্থ–ইস্ট ইউনাইটেড।  ডানদিক থেকে ভেসে আসা কর্ণার হেডে নামিয়ে দেন জন গজটানাগা। বল মাটিতে পড়ার মুহূর্তে দুরন্ত হেডে সমতা ফেরান অ্যারন ইভান্স। ৮৬ মিনিটে পেত্রাতোসের ফ্রিকিক থেকে হেড করেছিলেন জনি কাউকো। গোললাইন থেকে বল বাঁচান নর্থ–ইস্ট গোলকিপার মির্শাদ মিচু। ২ মিনিট পর আবার নর্থ–ইস্টের পরিত্রাতা হয়ে দাঁড়ান তিনি। ৮৯ মিনিটে আর শেষরক্ষা করতে পারেননি। পেত্রাতোসের সেন্টার থেকে হেডে গোল করে এটিকে মোহনবাগানকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন শুভাশিস বোস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!