- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৩, ২০২৩
চেন্নাইন এফসি–র কাছে হেরে ৯ নম্বরেই আটকে ইস্টবেঙ্গল
প্লে অফের সম্ভাবনা আগেই শেষ। বাকি ৩ ম্যাচ সম্মান রক্ষার লড়াই। আর সেই সম্মান রক্ষার লড়াইয়ে চেন্নাইন এফসি–র কাছেও হারতে হল ইস্টবেঙ্গলকে। চেন্নাইনের কাছে ২–০ ব্যবধানে হেরে লিগ টেবিলে ৯ নম্বরেই থেকে গেল ইস্টবেঙ্গল। ১৮ ম্যাচে লালহলুদের পয়েন্ট ১৬। অন্যদিকে, ১৮ ম্যাচে চেন্নাইনের পয়েন্ট দাঁড়াল ২১। এদিন লালচুংলুঙ্গার আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় চেন্নাইন। ম্যাচের শেষ লগ্মে ব্যবধান বাড়ান চেন্নাইনের বাঙালী স্ট্রাইকার রহিম আলি।
ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল চেন্নাইন এফসি। ৩ মিনিটেই সুযোগ এসে গিয়েছিল চেন্নাইনের সামনে। আকাশ সাঙ্গোয়ানের কর্ণার থেকে ফাল্লু ডিয়াগনে শট নিয়েছিলেন। তাঁর সেই শট বারে লেগে ফিরে আসে। এরপর ইস্টবেঙ্গলের রক্ষণভাগে একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে চেন্নাইন এফসি। কিন্তু গোল মুখ খুলতে পারেনি। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের সামনে একমাত্র সুযোগ আসে ম্যাচের ৩১ মিনিটে। সহজ সুযোগ নষ্ট করেন ভিপি সুহের। ৪৪ মিনিটে আবার গোলের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। জেক জার্ভিসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও চাপ ছিল চেন্নাইন এফসি–র। ৪৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রহিম আলি। পরের মিনিটেই এগিয়ে যায় চেন্নাইন এফসি। অনিরুদ্ধ থাপার সেন্টার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেন লালচুঙনুঙ্গা। পিছিয়ে পড়ার পরেও লালহলুদের খেলা দেখে কখনোই মনে হয়নি তারা ম্যাচে ফিরতে পারে। ক্লেইটন সিলভাও নিজের সেরা ছন্দে ছিলেন না। ফলে চেন্নাইনের রক্ষণভাগে সেভাবে চাপ তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল। জেক জার্ভিস চেষ্টা করছিলেন কিছু করার। কিন্তু তিনি সেভাবে সাহায্য পাননি। ৮৭ মিনিটে স্টিফেন কনস্টানটাইনের দলের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন রহিম আলি। এডউইন ভাসপোলের পাস থেকে তিনি ২–০ করেন।
❤ Support Us








