- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৫, ২০২৪
ইতিহাস বদলে আজ অধরা মাধুরী স্পর্শ করতে মরিয়া মোহনবাগান
আইএসএলে চ্যাম্পিয়ন হলেও লিগ শিল্ড জিততে না পারার যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খায় মোহনবাগান সমর্থকদের। তিন বছর আগে তীরে এসে তরী ডুবেছিল। মুম্বই সিটি এফসি–র সঙ্গে ড্র করলেই লিগ শিল্ড ঘরে এসে যেত। ২ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ–মেরুন ব্রিগেডের। ৩ বছর পর প্রতিশোধের সুযোগ। একই সঙ্গে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ারও। আজ সামনে সেই মুম্বই সিটি এফসি। জিতলেই লিগ লিল্ড খেতাব আসবে ঘরে।
মুম্বই সিটিকে হারিয়ে মোহনবাগান কি পারবে অধরা মাধুরী স্পর্শ করতে? কাজটা কিন্তু আন্তোনীয় লোপেজ হাবাসের দলের কাছে সহজ হবে না। দুর্দান্ত ছন্দে রয়েছে মুম্বই সিটি এফসি। আক্রমণভাগ মোহনবাগানের থেকেও শক্তিশালী। দুই প্রান্ত দিয়ে বিপিন রাই ও ছাংতে যেভাবে আক্রমণে উঠে আসেন, বিপক্ষ রক্ষণের কাছে রীতিমতো আতঙ্ক। মোহনবাগানের ভরসা সমর্থকদের শব্দব্রহ্মাস্ত্র। আজ দলকে সমর্থন করতে গ্যালারি ভরিয়ে দেবেন বাগান সমর্থকরা।
পয়েন্টের বিচারে মোহনবাগানের থেকে সুবিধাজনক জায়গায় রয়েছে মুম্বই। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭, মোহনবাগানের ৪৫। মুম্বই শীর্ষে। চেন্নাইন এফসি–কে হারিয়ে রবিবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এফসি গোয়া। ফলে সরাসরি সেমিফাইনালে খেলার ব্যাপারেও চাপ তৈরি হয়েছে মোহনবাগানের ওপর। সরাসরি সেমিফাইনালে খেলতে গেলে আজ মুম্বইয়ের বিরুদ্ধে ১ পয়েন্ট পেতেই হবে। তাহলেই লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসবে। আর মিলবে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ। হারলেই প্লে অফ খেলে সেমিফাইনালে উঠে আসতে হবে।
অন্যদিকে, মোহনবাগানের সঙ্গে ড্র করলেই শিল্ড জিতে ঘরে তুলবে মুম্বই। হাবাসের দলের সামনে জেতা ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই। পরিসংখ্যানও মোহনবাগানের বিরুদ্ধে। আইএসএলে এখনও পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে জয় নেই মোহনবাগানের। আজ জিতলে একদিকে যেমন ইতিহাস তৈরি হবে, তেমনই লিগ শিল্ডও প্রথমবারের মতো ঘরে আসবে মোহনবাগানের।
❤ Support Us






