- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ২০, ২০২৫
গাজায় যুদ্ধবিরতি কার্যকর। হামাসের হাতে পণবন্দিরা ফিরলেন ইজরায়েলে। ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল নেতানিহায়ুর সরকার
দীর্ঘ টালবাহনার পর অবশেষে ইজরায়েল ও হামাসের মধ্যে রবিবার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হল। প্রথম দফায় হামাস ৩ জন ইজরায়েলি যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। তাঁরা পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে, ইজরায়েল রবিবার ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস পর যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের মধ্য দিয়ে থেমে গেল ইজরায়েলের নৃশংসতা। রবিবার স্থানীয় সময় বেলা ১১ টা ১৫ নাগেদ অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুসারে হামাসরা যেমন বন্দিদের মুক্তি দেবে, তেমনই ইজরায়েলও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে। সেই মত যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের কাছে আটক থাকা ৩ জন ইজরায়েলে ফিরেছেন। এই ৩ জনই মহিলা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলি পশ্চিম তীরের রামাল্লায় এসে পৌঁছয়। সেখানে হাজার হাজার মানুষ তাদের স্বাগত জানাতে অপেক্ষা করেছিল। বাসগুলি রামাল্লায় পৌঁছনোর সঙ্গে সঙ্গে উদযাপন শুরু করে ফিলিস্তিনিরা। আতশবাজি ফাটাতে শুরু করে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে পশ্চিম তীর এবং জেরুজালেমের ৬৯ জন মহিলা এবং ২১ জন তরুণ ছেলে রয়েছে।
অন্যদিকে, গাজা থেকে হামাস যোদ্ধাদের দ্বারা বেষ্টিত রেড ক্রসের গাড়িতে তিনজন মহিলা ওঠার পর প্রতিরক্ষা সদর দফতরের বাইরের একটি চত্বরে শত শত ইজরায়েলি উল্লাস করছিল ও কাঁদছিল। লাইভ সম্প্রচারে তেল আবিবে এই দৃশ্য দেখা গেছে। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, রোমি গনেন, ডোরন স্টেইনব্রেচার এবং এমিলি দামারি তাদের মায়েদের সাথে পুনরায় মিলিত হয়েছেন। একটা ভিডিওতে তাঁরা জানিয়েছেন, প্রত্যেকেই ভাল আছেন। দামারি অপহরণের দিন গুলিবিদ্ধ হওয়ার সময় দুটি আঙুল হারিয়েছিলেন। তিনি একটি ব্যান্ডেজ করা হাত ধরে রেখে হেসেছিলেন এবং মাকে জড়িয়ে ধরেছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী হামাস। হামলার সময় সেখান থেকে আড়াই শো মানুষকে জিম্মি করে তারা গাজায় নিয়ে যায়। এর আগে যুদ্ধবিরতি চুক্তির আওতায় বেশির ভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখন যেসব জিম্মি গাজায় আছেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় পর্যায়ক্রমে তাঁদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।
❤ Support Us








