Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • সেপ্টেম্বর ১০, ২০২৫

দোহায় এবার ইজরায়েলি হামলা, উপযুক্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কাতারের

আরম্ভ ওয়েব ডেস্ক
দোহায় এবার ইজরায়েলি হামলা, উপযুক্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কাতারের

হামাসদের নির্মূল লক্ষ্যে গাজায় নিরীহ নাগরিকদের হত্যা করে আশ মেটেনি ইজরায়েলের। এবার হামাস নেতাদের ধ্বংস করার লক্ষ্যে কাতারে বিমান হামলা চালাল ইজরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটা জায়গায় ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। কাতার উপযুক্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই হামলা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে চলমান আলোচনাকে জটিল করে তুলল।

এক বিবৃতিতে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘ইজরায়েলি সামরিক বাহিনী এবং নিরাপত্তা সংস্থা হামাস সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে একটা সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।’‌ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‌বছরের পর বছর ধরে হামাস নেতৃত্বের এই সদস্যরা সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর নৃশংস গণহত্যার জন্য এই নেতারা সরাসরি দায়ী এবং ইজরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা ও সংগঠিত করে আসছে।’‌

একজন ইজরায়েলি সামরিক কর্মকর্তা সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন যে, ‘‌ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে মঙ্গলবার দোহায় বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। দোহায় এই সামরিক অভিযানের নাম সামিট অফ ফায়ার। এগুলো ছিল বিমান হামলা।’ ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির ৩১ আগস্ট ঘোষণা করেছিলেন যে, ‘‌হামাসের বেশিরভাগ নেতৃত্ব বিদেশে রয়েছে। আমরা তাদের কাছেও পৌঁছব।’‌ তাঁর সেই ঘোষণার ৯ দিনেরপ মাথায় কাতারে হামলা চালাল ইজরায়েলি বাহিনী। হামাসের শীর্ষ নেতাদের আবাসস্থল হল কাতার। গাজায় সর্বশেষ হামলার অনেক আগে থেকেই বছরের পর বছর ধরে ফিলিস্তিনি গোষ্ঠী এবং ইজরায়েলের মধ্যে আলোচনায় কাতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে।

কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলাকে হামাসের রাজনৈতিক সদর দফতরে ‘‌কাপুরুষোচিত ইজরায়েলি আক্রমণ’‌ বলে অভিহিত করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল–আনসারি ইজরায়েলের এই হামলাকে ‘‌সমস্ত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন’‌ বলে অভিহিত করেছেন। এক্স–এ তিনি লিখেছেন, ‘‌কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর বেশ কয়েকজন সদস্যের আবাসিক ভবন লক্ষ্য করে ইজরায়েল হামলা চালিয়েছে। কাতার ইজরায়েলের এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’‌ আনসারি আরও লিখেছেন, ‘‌ইজরায়েলের হামলা ‌অপরাধমূলক আক্রমণ এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। এই হামলা কাতারি এবং কাতারে বসবাসকারীদের নিরাপত্তা ও সুরক্ষা বিঘ্নিত করেছে।’‌

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‌নিরাপত্তা বাহিনী, বেসামরিক প্রতিরক্ষা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহন করেছে। এলাকার বাসিন্দাদের এবং আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ইজরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের ব্যাঘাত কাতার সহ্য করবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পাওয়ার পরই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।’‌ ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!