- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৯, ২০২৩
দেবনাগরীতে উর্দু কেন ? ক্ষুব্ধ জাভেদ আখতার
নবীন প্রজন্মের কাছে উর্দুর গুরুত্ব কমছে। যা নিয়ে উদ্বিগ্ন প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার। তার মতে, উর্দুর মতো সমৃদ্ধ ভাষায় আগ্রহ নেই অধিকাংশ ভারতীয় তরুণ-তরুণীর। তবে, তার জন্য নবীন প্রজন্ম নয়, বরং পরিকাঠামোর অভাবকেই দায়ী করেছেন তিনি।
লক্ষ্ণৌতে একটি সাংস্কৃতিক আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন বলিউডের বহু জনপ্রিয় গীতিকার, সুপরিচিত কবি জাভেদ আখতার। সেখানে কথাপ্রসঙ্গে উর্দুসহ অন্যান্য দেশীয় ভাষার মানোন্নয়ন নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে, ইংরাজি ভালোভাবে রপ্ত করলে সাফল্যের মুখ দেখা সম্ভব। তাই, হিন্দি হোক বা উর্দু—কোনো ভারতীয় ভাষাই ইংরাজীর শেখার মতো এত গুরুত্ব পায়নি। শিক্ষাঙ্গনের উদাসীনতা এক্ষেত্রে কোনো অংশে কম দায়ী নয়। তাই দেখা যায় উর্দু শুনেছে অনেকে, কিন্তু ভাষাটির প্রকৃত লিপির সঙ্গে তরুণ প্রজন্মের পরিচয় ঘটছে না। দেবনাগরী হরফে লেখা ভাষা চিনেছে তাঁরা। আসল সমস্যা রয়েছে শেখানোর ক্ষেত্রে।
জাভেদ আরো বলেন, ইংরাজির গুরুত্ব আজকের সময়ে অনস্বীকার্য। কিন্তু তা বলে মাতৃভাষা প্রতি অবহেলা কখনোই কাম্য নয়। কবির কথায় ইংরাজি ততটাই গুরুত্বপূর্ণ , যতটা নিজের মাতৃভাষা। তার চর্চায় শৈথিল্য নিজের শিকড় থেকেই মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। ছিন্নমূল প্রজন্ম আত্মবিস্মৃতির অতলে হারিয়ে যায়। শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ভাষা-ধর্ম-প্রদেশ-নির্বিশেষে দেশীয় সংস্কৃতির চর্চা প্রয়োজন। ভারতের পরিচয় দেশের সমন্বয়ধর্মী সংস্কৃতিতে, বিভাজনে নয়। সেকথাই আলাপচারিতায় স্মরণ করিয়ে দিলেন প্রগাঢ় প্রজ্ঞা।
❤ Support Us






