- দে । শ
- এপ্রিল ২৪, ২০২৩
বিচারাধীন বিষয় নিয়ে বিচারপতির সাক্ষাৎকার, কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টকে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ শীর্ষ আদালতের
এজলাসে কোনও মামলা চলাকালীন সেই মামলা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কোনও ইন্টারভিউ দিতে পারবেন না বিচারপতিরা। সোমবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দ টিভি কে ইন্টারভিউ দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। প্রসঙ্গত, অভিষেকের বিরুদ্ধে একটি মামলা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন।
এদিন এব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যে মামলা এজলাসে বিচারাধীন, সেই মামলা প্রসঙ্গে ইন্টারভিউ দেওয়ার এক্তিয়ার বিচারপতিদের নেই। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা চলাকালীন টিভিতে তার মতামত ব্যক্ত করেছিলেন । এরপরই বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট।
এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মামলার প্রেক্ষিতে যদি সত্যিই গণমাধ্যমে কোনও সাক্ষাৎকার দিয়ে থাকেন, এক্ষেত্রে ফের ওই মামলার শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চালানোর অনুমতি দেওয়া হবে না। তবে শীর্ষ আদালত তদন্তে হস্তক্ষেপ করবে না।এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংশ্লিষ্ট মামলায় ইন্টারভিউ দিয়েছেন কিনা তা যেন খতিয়ে দেখা হয়। এব্যাপারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যও জানতে চেয়েছে আদালত ।
এদিন আবেদনকারীর পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শীর্ষ আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টেলিভিশন ইন্টারভিউয়ের অনূদিত প্রতিলিপি পেশ করেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।
❤ Support Us






