- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৮, ২০২৩
কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। আইনের দায়িত্ব থেকে অপসারিত রিজিজু
কেন্দ্রীয় আইনমন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হল কিরেন রিজিজুকে। এখন থেকে অর্জুন রাম মেঘওয়াল মন্ত্রিত্ব সামলাবেন। কলেজিয়াম ও সমলিঙ্গ বিবাহ নিয়ে দেশের শীর্ষ আদালতের সমালোচনায় বহুবার সরব হয়েছিলেন অরুণাচলের বিজেপি নেতা। এভার ভূবিজ্ঞান দফতরের পূর্ণ মন্ত্রী করা হল তাঁকে। এই রদবদল নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যে, শীর্ষ আদালতের সিদ্ধান্তের সমালোচনার করার কারণে কি আইন দফতর থেকে সরতে হল কিরেণকে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে দপ্তর পুনর্বন্টণের সিদ্ধান্ত ঘোষণা করেন। সেখানে কিরেন রিজিজুকে আইনের পরিবর্তে ভূবিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী করা হয়েছে । তার বদলে সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ও সংস্কৃতি দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী অর্জুন সিং মেঘাওয়ল কে আইন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্যাবিনেট পদমর্যাদার মন্ত্রীকে হঠাৎ কেন ভূবিজ্ঞান দফতরের দায়িত্বে আনা হল ? রিজিজু একাধিকবার সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি, সম্প্রতি একটি আলোচনাচক্রে যোগ দিয়ে তিনি বলেছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের কয়েক জন দেশবিরোধীদের চিন্তাভাবনার সঙ্গে জড়িত। সরকারবিরোধী প্ররোচনা আর উস্কানি এদের লক্ষ্য। এরকম মন্তব্য করে সংসদে প্রশ্নের মুখে পড়েছিলেন কিরেন। সমলিঙ্গ বিবাহ নিয়ে তাঁর মন্তব্য শীর্ষ আদালতের সিদ্ধান্তের বিরোধী।
কিরেণ বলেছিলেন, বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবেন। আদালত এ ধরনের সমস্যাগুলি নিষ্পত্তি করার জায়গা নয়। পরোক্ষভাবে, আইনসভার ওপরই সমলিঙ্গ বিবাহের বৈধতার বিষয়টি ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। তাঁর এরকম একাধিক মন্তব্য শাসক দলকে বিব্রত করে তোলে। একারণেই কি তাঁকে আইন দপ্তর থেকে আচমকা সরিয়ে দেওয়া হয় ? কর্নাটকে বিজেপির বিপর্যয় কেন্দ্রকে ভাবিয়ে তোলে। নানা মহল কানাঘুঁষো শুরু হয়, মন্ত্রিসভায় রদবদল হতে পারে। বাস্তবে তাই ঘটল।
❤ Support Us





