- দে । শ
- মার্চ ২২, ২০২৩
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের বিরুদ্ধে ইডির চার্জশিট পেশ, পার্থ ও কুন্তল একে অপরের পরিচিত, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার
শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের বিরুদ্ধে অভিযোগ নামা পেশ করল ইডি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তা পেশ করেন তদন্তকারীরা। এছাড়াও বেআইনি অর্থ পাচার মামলায় বহিষ্কৃত যুব তৃণমূল নেতার বিরুদ্ধে অতিরিক্ত আর একটি চার্জ শিট দাখিল করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য, গ্রেফতার হওয়ার ৬০ দিনের মধ্যে কুন্তলের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি।
অভিযোগনামায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আরো জানিয়েছে, ধৃত যুব নেতার থেকে মোট ২ কোটি টাকার সম্পদ উদ্ধার হয়েছে। আর এখনও পর্যন্ত ১ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছেন তাঁরা। তদন্তকারীরা আদালতে বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য ২ জনের সঙ্গেই যোগাযোগ ছিল কুন্তলের। চার্জশিটে ১৮ সাক্ষীর নামের উল্লেখ রয়েছে।
কুন্তল ঘোষের নাম তাপস মণ্ডলের সূত্রে জানতে পেরেছিল ইডি। যিনি নিজেও এখন পুলিশের জালে। ২০ জানুয়ারি কুন্তলের লেকটাউনের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি ম্যারাথন তল্লাশির পর ২১ জানুয়ারি সকালে কুন্তলকে গ্রেফতার করা হয়। তদন্ত যত এগোতে থাকে কুন্তলের অগাধ সম্পদের সন্ধান পাওয়া যেতে থাকে। উঠে আসে টালিগঞ্জের একাধিক অভিনেতা অভিনেত্রীর নাম। তবে, কুন্তলের সঙ্গে যোগাযোগ সরাসরি অস্বীকার করেছিলেন পার্থ চট্টোপাধায়। কিন্তু ইডির দাবি, দুজনেই একে অপরকে চিনতেন। ইডিকে অবশ্য তাঁর আনা অভিযোগ প্রমাণ করতে হবে। তবে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অতি তৎপরতায় নিয়োগ দুর্নীতিতে বর্ষীয়ান তৃণমূল নেতার অস্বস্তি যে আরো বাড়ছে তা বলা বাহুল্য।
❤ Support Us







