- এই মুহূর্তে বি। দে । শ
- এপ্রিল ১৬, ২০২৬
লাহোরে গুলিবিদ্ধ লস্কর-ই-তৈয়বার সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহ-প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লাহোরের একটি সংবাদমাধ্যমের দফতরের সামনে হামলার ঘটনাটি ঘটে।
লস্কর প্রধান হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগী এবং সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত আমির হামজা। তাঁর বিরুদ্ধে বহু জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারতেও একাধিক জঙ্গি হামলায় তাঁর নাম উঠে এসেছে। হামজা একজন আফগান মুজাহিদিন হিসেবে পরিচিত ছিলেন এবং তাঁর জ্বালাময়ী বক্তৃতা ও লেখনীর জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি একসময় লস্কর পরিচালিত প্রকাশনার সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বেশ কয়েকটি বইও রচনা করেন। ২০০২ সালে তাঁর লেখা ‘কাফিলা দাওয়াত অওর শাহাদত’ বইটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
আমেরিকার ট্রেজারি দফতরের কালো তালিকায় অন্তর্ভুক্ত লস্কর নেতা কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন। অর্থ সংগ্রহ, জঙ্গি নিয়োগ, গ্রেফতার জঙ্গিদের মুক্তির জন্য আলোচনা ও সমঝোতা, এসব ক্ষেত্রেই তাঁর সক্রিয় ভূমিকা ছিল। ২০১৮ সালে লস্কর পোষিত জামাত-উদ-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়ত সংস্থার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি হলে হামজা সংগঠনটির সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেন। পরবর্তীতে তিনি ‘জইশ-ই-মানকফা’ নামে একটি নতুন সংগঠন গড়ে তোলেন। সূত্রের খবর, এই সংগঠন জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং পাকিস্তানে প্রকাশ্যেই কার্যক্রম চালায়।
❤ Support Us





