- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৪, ২০২৩
পানামার বিরুদ্ধে অন্য আবহে ৮০০ গোলের মাইলস্টোনে লিওনেল মেসি
একের পর এক রেকর্ড গড়েই চলেছেন লিওলেন মেসি। এবার ফুটবলজীবনে ৮০০ গোলের মাইলস্টোনে পৌঁছে গেলেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচে গোল করে এই কৃতিত্ব গড়লেন লিওনেল মেসি। সবচেয়ে বেশি গোলের রেকর্ডের দিক দিয়ে তাংর সামনে এখন শুধুই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
২০২২ কাতার বিশ্বকাপ জেতার পর এই প্রথম মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বুয়েনস এয়ারসের মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচ ছিল আর্জেন্টিনার। ২–০ ব্যবধানে জিতলেন লিওনেল মেসিরা। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার দাপট ছিল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসেন পারদেস, মেসি, মার্টিনেজরা। একাধিক সুযোগ নষ্ট করেন। এদিন ম্যাচের ৭৮ মিনিটে মেসির ফ্রিকিক পানামার পোস্টে লেগে ফিরে এলে থিয়াগো আলমাদা বাঁ পায়ের জোরালো শটে গোল করেন।
ম্যাচের ৮৯ মিনিটে ফুটবল জীবনের ৮০০ গোলের মাইলস্টনে পৌঁছে যান মেসি। তাঁর বাঁক খাওয়ানো দুরন্ত শট জালে জড়িয়ে যায়। আর্জেন্টিনার জার্সিতে ৯৯তম গোল করলেন মেসি। আর সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ৮০০। বার্সেলোনার হয়ে গোল করেছেন ৬৭২টি। পিএসজি–র হয়ে ২৯টি। গত শনিবার ফরাসি লিগে নামতের বিরুদ্ধে পিএসজির হয়ে গোল করে নিজের ফুটবল জীবনের ৭৯৯ গোলের পৌঁছে গিয়েছিলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবলপ্রেমীদের মধ্যে এই ম্যাচ নিয়ে উৎসাহ ছিল প্রবল। পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচের আবহটা আর পাঁচটা ম্যাচের মতো ছিল না। একেবারে উৎসবের মেজাজ। স্টেডিয়ামের বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়নের বেশ কিছু ঝলক। ডিজে ফের প্যালাসিও সুরে মাতিয়ে রাখেন দর্শকদের। এছাড়াও পপ ব্যান্ড লস তো তোরা এবং লা তাই লা এম ব্যান্ডও যোগ দিয়েছিল। বুয়েনস এয়ারসের মনুমেন্টাল স্টেডিয়ামে লিওনেল মেসিদের খেলা দেখার জন্য তিল ধরনের জায়গা ছিল না। লিওনেল মেসি থেকে শুরু করে দলের অনেক ফুটবলারই পরিবার নিয়ে এদিন মাঠে হাজির ছিলেন। পরিবার নিয়ে এসেছিলেন কোচ স্ক্যালোনিও।
ম্যাচ শুরু হওয়ার আগেই জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলায় গোটা স্টেডিয়াম। দর্শকদের চোখে জল। কাঁদছিলেন মেসি, মার্টিনেজ, স্ক্যালোনিরা। বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ম্যাচ শুরুর আগেই মাঠে রাখা হয়েছিল। ম্যাচ শেষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ট্রফি মাঠে নিয়ে আসেন।
❤ Support Us








