- দে । শ
- এপ্রিল ২০, ২০২৩
মোস্ট ওয়ান্টেড তালিকায় আতিক পত্নী শায়িস্তা। গ্যাংস্টার খুনের ঘটনায় ধৃত তিন
গ্যাংস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া আতিক আহমেদ ও ভাই আশরফ আহমেদকে হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত লাভলেশ তিওয়ারির তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট উত্তরপ্রদেশের বান্ডা রেলস্টেশন থেকে এদের গ্রেফতার করেছে। এখবর জানানো হয়েছে বৃহস্পতিবার।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়াগরাজের সিজেএম আদালত ধৃত তিনজনকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। গত ১৫ এপ্রিল আতিক আহমেদ এবং তার ভাইকে খুনের ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা কোত্থেকে সংগ্রহ করা হয়েছে, ধৃতদের জেরা করে এই তথ্যও জানতে চাইছে পুলিশ।
সূত্রের খবর, জোড়া খুনের ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা হামিরপুর ও কাশগঞ্জে হানা দিয়েছেন। ওই অভিযানে ব্যবহার করা হয়েছে ড্রোন ক্যামেরা। কৌসাম্বির এএসপি সমর বাহাদুর জানিয়েছেন, ওই তল্লাশি অভিযানে নেমে তেমন কোনও সাফল্য মেলেনি। এখনও পর্যন্ত গ্যাংস্টার আতিক আহমেদের স্ত্রী শায়িস্তা পারভিনের হদিশ মেলেনি।
গ্যাংস্টার আতিক এবং তাঁর ভাই আশরফ খুন হয়েছে গত ৫ এপ্রিল রাতে। এর দু’দিন আগই হত্যা করা হয়েছে আতিক আহমেদের ছেলে আসাদকে।
২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পাল খুন হন। এই খুনের ঘটনার অন্যতম সাক্ষী আইনজীবী উমেশ পাল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে খুন হয়েছেন। উমেশ পাল খুনের ঘটনায় জেরা করার জন্যে আতিকের স্ত্রী শায়িস্তাকে খুঁজছে পুলিশ।
পুলিশি হেফাজতে থাকা আতিক ও তার ভাই আশরফ খুন হওয়ার পরে পাঁচজন পুলিশকর্মীকে বুধবার কর্তব্যে গাফলতির দায়ে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া ধুমনগঞ্জের এক পুলিশকর্তাকে বদলি করে দেওয়া হয়েছে গত মঙ্গলবারই।
সূত্রের খবর, আতিকের স্ত্রী শায়িস্তা পারভিনকে মোস্ট ওয়ান্টেড হিসেবে ঘোষণা করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শায়িস্তা পারভিনের হদিশ দিতে পারলে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
পুলিশ সূত্রের খবর, গুজরাটের সবরমতী জেলে বন্দি থাকা স্বামী আতিকের সঙ্গে দেখা করতে গিয়ে আইনজীবী উমেশ পালকে হত্যার পরিকল্পনা সাজানোর দায়ে ৫০ বছরের শায়েস্তাকে গ্রেফতার করাটা জরুরি। প্রসঙ্গত, শায়েস্তার বাবা মহম্মদ হারুন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল।
❤ Support Us








