- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ২৭, ২০২৫
নিম্নচাপে উত্তাল সাগর, রাজ্যে বৃষ্টির ইঙ্গিত
বঙ্গোপসাগরে আবার নিম্নচাপের ভ্রুকুটি। শক্তি বাড়িয়ে তা ধীরে ধীরে মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও তার পরোক্ষ প্রভাবে রাজ্যের একাধিক জেলায়। রোদের ফাঁকে মেঘ, কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, চলবে রোদ-বৃষ্টির লুকোচুরি। তবে মৎস্যজীবীদের প্রতি জারি হয়েছে সতর্কবার্তা। সমুদ্র উত্তাল, ফলে, আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ২৮ আগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। ওই অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পুর্বাভাস আবহাওয়া দফতরের অফিস।
মৌসুমি অক্ষরেখা আপাতত রাজ্যের উপর থেকে সরে গিয়ে দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার ফলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ, বুধবার সকালে কিছুটা রোদের দেখা মিললেও বেলা গড়াতেই আকাশ আংশিক মেঘলা হয়ে উঠেছে আকাশ। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও বাঁকুড়া জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকলেও, হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েই যাচ্ছে।
অন্যদিকে, বর্ষণমুখর উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া।বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ওই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। শনিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩২ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
আবহবিদদের দফতরের মতে, সমুদ্রের উপর তৈরি নিম্নচাপের ফলে এখনই রাজ্যে বড়োসড়ো দুর্যোগের আশঙ্কা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় স্থানীয়ভাবে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা রয়েছে। সে কারণেই কোথাও কোথাও আচমকা বজ্রপাত বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
❤ Support Us





