Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৩, ২০২৪

দমদমের ছাতা কলের বস্তিতে ভয়াবহ আগুন প্রায় ৫০টি বাড়ি ভস্মীভূত

আরম্ভ ওয়েব ডেস্ক
দমদমের ছাতা কলের বস্তিতে ভয়াবহ আগুন প্রায় ৫০টি বাড়ি ভস্মীভূত

দমদমের ছাতাকলের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় দমকল। বিকেল পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই সম্ভবত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে দমদমের সুধীর সুর কলেজের পেছনে খালের ধারে ওই বস্তিতে আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বস্তির পাশেই রয়েছে খাল। সেখান থেকে আগুন নেভানোর প্রয়াস শুরু হয়। খবর যায় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকলের ১০টি ইঞ্জিন হাজির হয়। বস্তি এলাকাটা ঘিঞ্জি থাকার কারণে দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। আগুন লাগার পর একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজে অনেকেই প্রাণ বাঁচাতে পাশে খালের জলে ঝাঁপিয়ে পড়েন।

ভয়াবহ অগ্নিকাণ্ডে বস্তির প্রচুর বাড়ি আগুনে পুড়ে গেছে। তাই ৪০-৫০টি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু। এছাড়া দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল ও সিপিআইএমের দুই প্রার্থী সৌগত রায় ও সুজন চক্রবর্তী ঘটনাস্থলে যান। আগুন নেভানোর জন্য দমকল বিভাগের রোবট কাজে লাগানো হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।

ঘটনাস্থলে হাজির হয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন ঘিঞ্জি এলাকার জন্য আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। আগুন নেভানোর জন্য দমকল বিভাগের রোবট ব্যবহার করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!