Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৯, ২০২২

ক্লাব বিরোধী মন্তব্য, রোনাল্ডোকে ছাঁটাই করতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্লাব বিরোধী মন্তব্য, রোনাল্ডোকে ছাঁটাই করতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ক্লাব কর্তাদের ও কোচ এরিক টেন হ্যাগের বিরুদ্ধে মন্তব্য করার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাঁটাই করতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাঁকে চুক্তির পুরো অর্থও না দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ক্লাব। তাঁর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ নিয়ে আসা হচ্ছে। আইনী পদক্ষেপ নেওয়ার চিন্তা–ভাবনাও শুরু করেছে ম্যাঞ্চেস্টার টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের পর রোনাল্ডোকে অনুশীলনে আসতে নিষেধ করা হবে।

১৬ নভেম্বর টেক টিভির সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাব কর্তাদের বিরুদ্ধে এবং ক্লাব ম্যানেজার এরিক টেন হ্যাগের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বলেছিলেন, ক্লাব তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ম্যানেজার এরিক টেন হ্যাগ তাঁকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। প্রকাশ্যে ক্লাব কর্তাদের ও ম্যানেজারের বিরুদ্ধে মন্তব্য করাটা চুক্তিভঙ্গের সামিল বলে মনে করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ।

পিয়ার্স মর্গানকে সাক্ষাৎকার দেওয়ার সময় রোনাল্ডো বলেন, ‘‌আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আমাকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জোর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ম্যানেজার এরিক টেন হ্যাগের প্রতি আমার বিন্দুমাত্র  শ্রদ্ধা নেই। ও আমাকে সম্মান করে না, আমিও ওকে সম্মান করি না।’‌ ক্লাবের মালিকদের আক্রমণ করার পাশাপাশি প্রাক্তন সতীর্থ এবং ম্যানচেস্টার ইউনাইটেড আইকন ওয়েন রুনি এবং গ্যারি নেভিলের সমালোচনা করেন রোনাল্ডো।

চুক্তিভঙ্গের অভিযোগে রোনাল্ডোকে তাড়িয়ে দিয়ে তাঁর চুক্তির বাকি ১৬ মিলিয়ন পাউন্ড না দেওয়ার পরিকল্পনা করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তারা। এই ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ আইনজীবীদের সঙ্গে কথা বলছে। আইনি পদক্ষেপের হুমকি দিয়ে রোনাল্ডোকে চুক্তি বাতিল করার প্রস্তাব দেওয়ার কৌশল নিতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

রোনাল্ডোর সাক্ষাৎকারের পর ক্লাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘‌ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে ক্লাব পদক্ষেপ নেওয়া শুরু করেছে। ওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কোনও মন্তব্য আর করব না।’‌ এবার তাঁর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে চলেছে ক্লাব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!