- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৪, ২০২৩
যন্তরমন্তরে গভীর রাতে মত্ত পুলিশি তাণ্ডব। কুস্তিগীরদের সঙ্গে হাতাহাতির অভিযোগ
বুধবার গভীর রাতে দিল্লির যন্তরমন্তরে কুস্তিগীরদের বিক্ষোভ স্থলে মত্ত অবস্থায় পুলিশি হামলার অভিযোগ। এই ঘটনায় রাতেই যন্তরমন্তরে কুস্তিগিরদের বিক্ষোভ স্থলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এক সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কুস্তিগীররা । বজরং পুনিও সহ সব প্রতিবাদীরা অভিযোগ করে মত্ত অবস্থায় পুলিশকর্মীরা তাঁদের মারধর করেছেন। এই ঘটনায় আবার দেশ জুড়ে প্রতিবাদের আওয়াজ উঠেছে।
দিল্লির যন্তর মন্তরে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে চলেছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিররা যৌন হেনস্থার অভিযোগ তুলেই এই প্রতিবাদ করছেন । অলিম্পিকে পদকজয়ী বজরং পুনিয়, সাক্ষী মালিকরা যেমন এই প্রদিবাদে অংশ নিয়েছেন, তেমনই প্রতিবাদ করছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ী ভিনেশ ফোগাট এবং অন্যান্য তরুণ কুস্তিগীররাও। আর এরই মধ্যে বুধবার রাতে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ, বুধবার গভীর রাতে কুস্তিগীরদের বিক্ষোভ স্থলে মত্ত অবস্থায় পুলিশ ঢুকে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। এই সময় পুলিশের সঙ্গে হাতাহাতি হয় কুস্তিগীরদের। বজরংরা অভিযোগ করেন যে মত্ত অবস্থায় পুলিশকর্মীরা তাঁদের মারধর করেছে।
এদিকে ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল যন্তর মন্তরের অবস্থান বিক্ষোভের জায়গায় কিছু খাটিয়া নিয়ে এসিছেলেন সোমনাথ ভারতী, তিনি আম আদি পার্টি নেতা। কোনও অনুমতি ছাড়াই খাটিয়া নিয়ে এসেছিলেন সেখানে। সেই সময় পুলিশ হস্তক্ষেপ করলে তাঁর সমর্থকরা মারমুখী হয়ে পড়ে। ট্রাক থেকে খাটিয়া নামাতে উদ্যত হয় তারা। এরপর ছোটখাটো সংঘর্ষ বাঁধে। ঘটনায় সোমনাথ ভারতী এবং দু’জনকে আটক করা হয়েছে।’ এই ঘটনার পর অবশ্য অবসরপ্রাপ্ত কুস্তিগীর রাজবীর অভিযোগ করেন, একজন পুলিশকর্মী মত্ত অবস্থায় ভিনেশ ফোগাটকে গালিগালাজ দিয়েছেন। তাঁর নাম ধর্মেন্দ্র। তিনি আমাদের সঙ্গে হাতাহাতিও করেন।
গত বেশ কিছুদিন যাবৎ মাটিতে শুয়েই রাত কাটাচ্ছিলেন যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদী কুস্তিগীররা। তবে বুধবার দিল্লিতে দিনভর বৃষ্টি হয়। এর ফলে কুস্তিগীররা তাঁদের বিক্ষোভ স্থলে খাটিয়া নিয়ে আসতে চেয়েছিলেন ঘুমানোর জন্য। ঝামেলার সূত্রপাত এখন থেকেই। প্রতিবাদী কুস্তিগীরদের অভিযোগ, পুলিশ তাঁদের খাটিয়া নিয়ে আসতে বাধা দেয়। শুধু তাই নয়, কুস্তিগীরদের মারধরও করে পুলিশ। মহিলা কুস্তিগীরদের গালিগালাজও করা হয় বলে অভিযোগ। অভিযোগ, পুলিশের মারে দুই কুস্তিগীরের মাথায় আঘাত লেগেছে। একজন কুস্তিগীর অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই আক্রমণের সময় পুলিশের কয়েকজন মত্ত ছিল বলেও অভিযোগ করা হয়েছে।
❤ Support Us






