Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৮, ২০২৩

হায়দ্রাবাদের জনসভায় দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে খড়গহস্ত প্রধানমন্ত্রী। নাম না করে কেসিআরের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের সহযোগিতা ছাড়া কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন সম্ভব নয়

আরম্ভ ওয়েব ডেস্ক
হায়দ্রাবাদের জনসভায়  দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে খড়গহস্ত প্রধানমন্ত্রী। নাম না করে কেসিআরের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের সহযোগিতা ছাড়া কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন সম্ভব নয়

হায়দ্রাবাদের জনসভা থেকে তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, কেন্দ্রীয় প্রকল্প রূপায়নে রাজ্যসরকার কোনোরকম সহযোগিতা করছে না। রাজ্য সরকারের কাছে তাঁর আবেদন, কেন্দ্র উন্নয়নের জন্য যেসমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নের ব্যাপারে যেন কোনোভাবে বাধা দেওয়া না হয়।

শনিবার নরেন্দ্র মোদি নিজের বক্তৃতায় তেলেঙ্গানার বিআরএস পরিচালিত কেসিআর সরকারের বিরুদ্ধে কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করবার অভিযোগ করেন। কারোর নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী  ও তাঁর পরিবারের উদ্দেশে তিনি বলেছেন, এক দল লোক রয়েছে যাঁরা পরিবারতন্ত্রকে  উৎসাহ দেয়। তেলেঙ্গানাবাসীদের জন্য বরাদ্দ প্রকল্পে হস্তক্ষেপ করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করে। দুর্নীতি ও পরিবারবাদের মধ্যে কোনো ফারাক নেই। যেখানে পরিবারতন্ত্র, সেখানেই  ভ্রষ্টাচার। স্বজন পোষণের চিরাচরিত এ ধ্যান ধারণা, তেলঙ্গানার গরিব মানুষের রেশনও লুঠ করে।

রাজ্যবাসীদের কল্যাণের  জন্য কেন্দ্রীয়  সরকার যে সবসময় সচেষ্ট তা শনিবারের জনসভায় উল্লেখ করেন  প্রধানমন্ত্রী।   শ্রোতাদের  উদ্দেশে বলেন, তেলেঙ্গানার উন্নয়ন দেশের বিকাশের জন্য প্রয়োজন। তাঁর নেতৃত্বাধীন সরকার রাজ্যের উন্নয়নের জন্য সবসময় সমস্ত রকমের সহায়তা করতে প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী।তাঁর প্রতিশ্রুতি, তেলঙ্গানার মানুষের স্বপ্ন পূরণ করবার দায়িত্ব কেন্দ্রের। এ প্রসঙ্গে বলা প্রয়োজন, সেকেন্দ্রবাদ স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রসের  উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে  ২টি বন্দে ভারত এক্সপ্রেস পেল হায়দরাবাদ ।

মোদি সরকারের বিরুদ্ধে রাজ্যগুলো বার  বার অভিযোগ করেছে যে রাজ্যের উন্নয়নের জন্য বকেয়া টাকা পাঠানো হচ্ছে না। উপরন্তু মিথ্যা অভিযোগে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে  বিরোধীদের হেনস্থা হচ্ছে। কিন্তু হায়দ্রাবাদের জনসভায় প্রধানমন্ত্রীর কণ্ঠে বিপরীত সুর।  রাজ্যের মুখমন্ত্রীকে অনুন্নয়নের জন্য কাঠগড়ায় দাঁড় করালেন, তেলেঙ্গানাবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে কেসিআর সরকারের বিরুদ্ধে কেন্দ্রের সঙ্গে অসহযোগিতার  অভিযোগ তুললেন। বছরের শেষে তেলেঙ্গানায়  ভোট। দক্ষিণ ভারতের আরো এক রাজ্যে পদ্ম ফোটাতে সক্রিয় গেরুয়া শিবির।  সে লক্ষ্যে অবিচল থেকেই রাজ্য সরকারকে  উন্নয়নের প্রশ্নে আক্রমণের স্ট্রাটেজি গ্রহণ করতে চাইছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর বক্তৃতায় সে আভাস  পাওয়া গেল ।    

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!