- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৮, ২০২৫
রনজির প্রথম ম্যাচেই জয় তুলে নিল বাংলা, উত্তরাখণ্ডকে হারাল ৮ উইকেটে
তৃতীয় দিন শেষবেলায় একসময় আতঙ্ক তৈরি হয়েছিল। শেষপর্যন্ত জয় আসবে তো? আশঙ্কার কালো মেঘ উড়িয়ে দিয়ে এবছর রনজি ট্রফির প্রথম ম্যাচেই জয় তুলে নিল বাংলা। উত্তরাখণ্ডকে হারাল ৮ উইকেটে।
রনজি অভিযানের প্রথম ম্যাচেই ইডেনে টস জিতে উত্তরাখণ্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তিন জোরে বোলার সুরজ সিন্ধু জসওয়াল, ইশান পোড়েল ও মহম্মদ সামির দাপটে ২১৩ রানে গুটিয়ে যায় উত্তরাখণ্ডের প্রথম ইনিংস। ৫৪ রানে ৪ উইকেট নেন সুরজ সিন্ধু। ৩৭ রান ৩ উইকেট নেন সামি, ৪০ রানে ৩ উইকেট ইশানের। জবাবে বাংলার প্রথম ইনিংসে তোলে ৩২৩। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সুদীপ চ্যাটার্জি। ৯৮ রান করে তিনি আউট হন। সুমন্ত গুপ্ত করেন ৮২। উত্তরাখণ্ডের হয়ে ভোরা ৬ উইকেট নেন।
১১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একসময় যথেষ্ট ভাল জায়গায় ছিল উত্তরাখণ্ড। তৃতীয় দিনের শেষে রান ছিল ২ উইকেটে ১৬৫। ওপেনার প্রশান্ত চোপড়া ও অধিনায়ক কুণাল চাণ্ডেলার ১৪৬ রানের জুটি উতরাখণ্ডকে ১ পয়েন্টের স্বপ্ন দেখাচ্ছিল। প্রশান্ত ৮২ রান করে আউট হলেও দ্বিতীয় দিনের শেষ কুণাল ৬৮ ও ভূপেন লালওয়ানি ১২ রান করে ক্রিজে ছিলেন।
তৃতীয় দিন সকালে শুরুতেই জ্বলে ওঠেন মহম্মদ সামি। তুলে নেন কুনাল চাণ্ডেলাকে। আগের দিনের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে তিনি আউট হন। এরপর দ্রুত ৩ উইকেট হারায় উত্তরাখণ্ড। পরপর ফিরে যান ভূপেন লালওয়ানি (২২), শাশ্বত ডাঙ্গোয়াল (১৭) ও সুচিথ জগদীশন (১)। এরপর প্রতিরোধ গড়ে তোলেন যুবরাজ চৌধুরি (৩৫) ও অভয় নেগি (২৮)। জুটি ভাঙতেই আবার ধস। ২৫৩/৬ থেকে ২৬৫ রানে গুটিয়ে যায় উত্তরাখণ্ডের দ্বিতীয় ইনিংস। ৩৮ রানে ৪ উইকেট নেন মহম্মদ সামি।
জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৬। এই রান অবশ্য বাংলার কাছে খুব একটা কঠিন ছিল না। দলীয় ৫১ রানের মাথায় প্রথম ইনিংসে সেঞ্চুরির মুখ থেকে ফেরা সুদীপ চ্যাটার্জি ১৬ আউট হলেও অধিনায়কোচিত ইনিংস খেলে বাংলাকে এগিয়ে নিয়ে যান অভিমন্যু ঈশ্বরণ। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। সুদীপ ঘরামি ৪৭ বলে ৪৬ রান করে আউট হন। অভিমুন্য ঈশ্বরণ ৮২ বলে ৭১ ও বিশাল ভাটি ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।
❤ Support Us







