- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৮, ২০২৫
ভারী বৃষ্টিপাতে হিমাচল প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধস
টানা বৃষ্টি বিপর্যস্ত উত্তর ভারত। রবিবার ভারী বৃষ্টিপাতের ফলে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভূমিধস ও বন্যায় পানারসা, টাকোলি এবং নাগওয়াইনসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিধসে বেশ কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্থ। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই।
ভারী বৃষ্টিপাতের ফলে অধিকাংশ নদীই ফুলে উঠেছে। বন্যার জল রাস্তার ওপর উঠে যাওয়ায় কিরাতপুর–মানালি চার লেনের জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে গেছে। যার ফলে প্রধান শহরগুলির মধ্যে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যোগনি মাতা মন্দিরের কাছে বড় ধরণের ভূমিধস হয়েছে। এরফলে এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী এবং পর্যটকদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এছাড়া আরও অনেক জায়গায় ভূমিধসের কবলে পড়েছে সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার অভিযান চলছে। বাসিন্দাদের সহায়তার জন্য উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং জনসাধারণকে নদী ও ঝর্ণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শালানাল নদীর জল উপচে পড়ায় আকস্মিক বন্যার ফলে একটা বেসরকারি অফিস ভেঙে পড়েছে। অফিসে থাকা কর্মীরা ভবন ভেঙে পড়ার সময় অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। বন্যার জল ও ধ্বংসাবশেষের কারণে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজ্যের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী এবং বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। মান্ডি জেলার কাটাউলায় সর্বোচ্চ ১২০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কাংড়ায় ১১০.৮ মিমি, নাহানে ১০৩ মিমি, পাওন্তা সাহেবে ৬৯.৮ মিমি, ভুন্টারে ৬৩.৩ মিমি, পালামপুরে ৬০.৪ মিমি, মান্ডি ২৬ মিমি, ধর্মশালা ২০.৬ মিমি, বিলাসপুরে ১০.৪ মিমি, মানালি ৮ মিমি, কুফরি ৪ মিমি, সুন্দরনগরে ২ মিমি এবং শিমলা ১ মিমি বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে আবহাওয়া বিভাগ রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং ১৮, ২১, ২২ এবং ২৩ আগস্টের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।
❤ Support Us







