- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৮, ২০২২
আজ ‘নৃত্য রসে, ঋতুর সাজে’ রবীন্দ্র তীর্থে নাচের-প্রতিভা নন্দিতা। কবি প্রণামে পুনশ্চ।
নৃত্যের বিশ্বপথিক নন্দিতা বন্দ্যোপাধ্যায় আজ সন্ধ্যা ৬.৩০-টায় নিউটাউনের রবীন্দ্রতীর্থে নাচের রস আর ঋতুর সাজগোছকে একাকার করে দেবেন। তাঁর সঙ্গে নৃত্যে অংশ নেবেন তাঁরই প্রিয় ছাত্রছাত্রীরা। কাশ্মীর থেকে মনিপুর, সমুদ্র পিঠের কন্যাকুমারী পর্যন্ত সর্বত্রগামী তাঁর নৃত্যদলের বিচরণ। বিদেশেও সুপরিচিত তাঁর প্রতিভা।
উত্তর কলকাতার স্থায়ী বাসিন্দা হলেও তাঁর অস্থায়ী ঠিকানা কখনও কাশ্মীর, কখনও কন্যাকুমারী, ইউরোপ ও আমেরিকায় সরগরম বঙ্গবিশ্ব। তাঁর আত্মনিবেদনের গাম্ভীর্য আর বিনোদনের মহিমা ছুঁয়ে থাকে তাঁর নাচের ঐশ্বর্যকে। প্রার্থনার ভঙ্গিতে মঞ্চেই তাঁর সত্তা খুঁজে বেড়ায় এমন এক পরম সখাকে, যাঁর আরম্ভ নেই, শেষও নেই। এ পথের নাগাল পেতে রবীন্দ্রনাথের গানকথা, তাঁর নৃত্যকলা নন্দিতার একান্ত আশ্রয়।
পুজো আর প্রেমের সাধনা, কীভাবে একাত্ম হয়ে ওঠে, কীভাবে পুজোর গানে প্রকৃতি এসে হাত মেলায়, তারই রূপ আর অপরূপের সন্ধানে নন্দিতার বন্দনা । তিনি যে-বিস্ময় জাগিয়ে তোলে, সে বিস্ময় সঞ্চারী নৃত্যগানের বিস্তৃতি নিয়ে আজ সন্ধ্যালগ্নে স্কুলকন্যাদের সঙ্গে মঞ্চে হাজির হবেন খ্যাতিমান, শক্তিমান নৃত্য শিল্পী।
❤ Support Us









