- এই মুহূর্তে
- মে ২৪, ২০২২
আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন
বিদ্রোহী কবি হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত-অসহায়ের আর্তি।
কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ। নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করছে দুই বাংলায় মানুষ। গান কবিতা আবৃত্তিতে কখনও কবির বিদ্রোহী সত্তা আবার কখনও প্রেমিক সত্তাকে স্মরণ করছেন আপামোর বাঙালি। তাঁর সৃষ্টিতে ভরপুর বাংলা সাহিত্য ।তাঁর লেখুনি যুগে যুগে প্রেরণা যুগিয়েছে মুক্তিকামী বাঙালিকে। তাইতো দশকের পর দশক জুড়ে বাংলা সাহিত্যে তিনি এতো গুরুত্বপূর্ণ।
নজরুল একাধারে প্রেমিক আবার বিদ্রোহীও। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে। কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানী এই মানুষ হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত-অসহায়ের আর্তি। অন্যায়ের বিরুদ্ধে তাঁর কবিতা কোটি তরুণের রক্তে জ্বালায় স্ফুলিঙ্গ।
মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল
বক্ষে ভরা বাক্,
কন্ঠে মোদের কুন্ঠ বিহীন
নিত্য কালের ডাক।
আমরা তাজা খুনে লাল ক’রেছি
সরস্বতীর শ্বেত কমল।
ছাত্রদলের গান – কাজী নজরুল ইসলাম—সর্বহারা ।।ক্ষণজন্মা এই প্রতিভার জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (ইংরেজি সাল অনুযায়ী ২৪ মে ১৮৯৯ সাল) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। শৈশব-কৈশোর-তারুণ্যে জীবনের পরতে পরতে সংগ্রাম করেছেন কবি। জড়িয়েছিলেন নানা পেশায়। ১৯১৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও।
তৎকালীন প্রভাবশালী কবি-সাহিত্যিকদের সংস্পর্শে আসেন তিনি। ১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে দেয়া হয় এক বছরের সশ্রম কারাদণ্ড। মাত্র ২২ বছর ব্যপ্তির লেখক জীবনে তিনি রচনা করেছেন প্রায় ৩ হাজার গান, লেখেন অসংখ্য কবিতা, ছোটগল্প, উপন্যাস।
সাহিত্যের পাশাপাশি সংগীত ও চলচ্চিত্র পরিচালনা করেন নজরুল। নিজের পরিচালিত চলচ্চিত্র ‘ধ্রুব’তে অভিনয়ও করেন তিনি। তাই শুধু কবি পরিচয়েই আবদ্ধ নন নজরুল। আসানসোলের রুটি বানানো ছেলেটা এখনও বিশাল এক প্রতিষ্ঠান। না থেকেও যার উপস্থিতি প্রতিদিন।
❤ Support Us







