Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৬, ২০২৫

কেন্দ্রকে ওবিসি তালিকা থেকে ৩৫ অন্তজ জনগোষ্ঠীর নাম বাদের প্রস্তাব পেশ এনসিবিসির। সমর্থনে বিজেপি নেত্রীর টুইটে রাজ্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্রকে ওবিসি তালিকা থেকে ৩৫ অন্তজ জনগোষ্ঠীর নাম বাদের প্রস্তাব পেশ এনসিবিসির। সমর্থনে বিজেপি নেত্রীর টুইটে রাজ্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

রাজ্যওয়ারি কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে ৩৫টি জনগোষ্ঠীর নাম বাদ দেওয়ার প্রস্তাব করলো অনগ্রসর শ্রেণী উন্নয়ণ কমিশন । কেন্দ্রের কাছে সেই সুপারিশ তালিকা পাঠানো হয়েছে । সেই প্রস্তাব সাম্প্রদায়িক মেরুকরনের দুষ্ট, এই অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

অনগ্রসর শ্রেণি কমিশন যে ৩৫টি জনগোষ্ঠীর নাম ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম ধর্মাবলম্বী।অথচ একই শ্রেণিভূক্ত অন্য ধর্মের মানুষদের সেই তালিকায় বাদ দেওয়া হয়নি । ফলে সুপারিশ ঘিরে সাম্প্রদায়িকতার অভিযোগ উঠতে শুরু করেছে।

সংবিধান তৈরির সময় থেকেই তফশিলি জাতি এবং উপজাতিদের জন্য বিশেষ সংরক্ষণের বিষয়টি সুনিশ্চিত হলেও, ওবিসিদের তালিকাভূক্তি হয় পরে। ১৯৮৯ সালে মন্ডল কমিশন দেশের অন্যান্য পিছিয়ে পরা শ্রেণীর মানুষদের অন্তর্ভূক্তির বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেয় কেন্দ্রকে। ১৯৯০ সালে, প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহের আমলে সেই রিপোর্টের ভিত্তিতেই ওবিসিদের জন্য ২৭% আসন সংরক্ষিত হয় । কেন্দ্র ও রাজ্যস্তরে কোন কোন জনগোষ্ঠী সেই তালিকাভূক্ত হবে, তারও সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সামাজিকভাবে বঞ্চিত, নিম্নবর্গভূক্ত, প্রান্তিক পেশার মানুষদের জন্য তৈরি সেই তালিকাতেও ধর্মীয় বৈষম্যের চিত্রটি উঠে আসে। দেখা যায় কুমোর, কামার, সহ বিভিন্ন অন্তজ পেশাজীবিদের ওবিসি তালিকাভূক্তির ক্ষেত্রেও নির্ণায়ক হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস। এই সামাজিক বঞ্চনা নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে । পরবর্তীতে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের ভিত্তিতে, নিম্নবর্গের বঞ্চিত মুসলিমদের সেই তালিকায় নাম ওঠে । রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলেই শুরু হয় সেই প্রক্রিয়া । পরে ২০১১ সালে, তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে আরো কিছু অন্তজ মুসলিম মানুষ ওবিসি তালিকায় স্থান পান। যদিও সেই অন্তর্ভূক্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে । হাইকোর্ট থেকে সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । এবিষয়ে রাজ্যের বাম রাজনৈতিক দলের পক্ষে অভিযোগ তোলা হয়েছে, ধর্মের ভিত্তিতে নয় পশ্চাৎপদতার বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেই নির্ভুল ওবিসি তালিকা তৈরি করা উচিত । এবং কোর্টের নির্দেশ অনুযায়ী সেই প্রস্তাব বিধানসভায় পাশ করানো উচিত । যা নিয়ে রাজ্যের বর্তমান সরকারের উদাসীনতাকে ইঙ্গিত করেছেন তারা । এবিষয়ে তাদের বক্তব্য, রাজ্যের বিশেষ ধর্মাবলম্বীদের তুষ্টিকরণের যে অভিযোগ তুলছে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গুলি, তা অনেকাংশেই এতে প্রশমিত হবে।

এনিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি নেত্রী, হুগলীর প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় লিখেছেন, রাজ্যের তৃণমূল সরকার রাজ্য জুড়ে সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পরা, বঞ্চিত জনগোষ্ঠীদের ওবিসি তালিকাভূক্ত করার বিষয়ে রাজ্য জুড়ে সমীক্ষা শুরু করেছে । সেই তালিকায় ১১৩টি উপজাতি শ্রেণীর তালিকাভূক্তি প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, কেন্দ্রীয় অনগ্রসর শ্রেণী উন্নয়ণ কমিশন যাদের নাম তালিকা থেকে বাহ দেওয়ার বিষয়ে দিল্লিকে সুপারিশ করেছে, তাদেরকেই ওবিসি তালিকার আওতায় আনতে চাইছে রাজ্য সরকার । এবিষয়ে বিজেপি নেত্রীর অভিযোগ, রাজ্যের মুসলিমদের তুষ্ট করতেই রাজ্যের এই পদক্ষেপ । নিজেদের ভোটব্যাঙ্ককে সুরক্ষিত রাখতে এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের স্বার্থ রক্ষায় এই কাজ করছে তৃণমূল বলে অভিযোগ করেছেন তিনি ।

অনগ্রসর শ্রেণী উন্নয়ণ কমিশনের ৩৫টি জনগোষ্ঠীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন । যদি আর্থসামাজিক উন্নয়ণের ভিত্তিতেই তাদের নাম বাদ পরে থাকে তবে একই শ্রেণীভূক্ত ভিন্নধর্মাবলম্বীদের নাম সেখানে কিভাবে থাকছে ? দ্বিতীয়ত, ২০১১ সালের পর জনগণনা হয়নি দেশে, তবে কোন তথ্যের ওপর ভিত্তি করে ৩৫ প্রান্তিক পেশার মানুষদের নাম বাদ দেওয়ার প্রস্তাব করলো কমিশন ? এক্ষেত্রে ওই জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ণ হয়েছে, তার প্রমাণিত ভিত্তিটাই বা কী ? এক্ষেত্রেও ধর্মীয় বিভাজনের পথেই কি হাঁটছে কেন্দ্র ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!