Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৬, ২০২৩

পাঠ্যপুস্তকে ‘যুক্তিসঙ্গত কাটছাঁট’ অব্যাহত। এনসিইআরটি কোপে এবার জাতির জনক। বাদ গান্ধীজির জীবনের অন্তিম লগ্নের ঘটনা বিশেষ

পাঠ্যক্রম পরিবর্তনের নেপথ্যে রয়েছে কোন দুরভিসন্ধি?

আরম্ভ ওয়েব ডেস্ক
পাঠ্যপুস্তকে ‘যুক্তিসঙ্গত কাটছাঁট’ অব্যাহত। এনসিইআরটি কোপে এবার জাতির জনক। বাদ গান্ধীজির জীবনের অন্তিম লগ্নের ঘটনা বিশেষ

পাঠ্যপুস্তকে পরিবর্তনকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়ে পড়ল এনসিইআরটি। কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিক স্তরে ইতিহাসের সংশোধিত পাঠ্যক্রমে মুঘল যুগকে বাদ দেওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবার কোপ পড়ল ‘জাতির জনক’-এর ওপর। পর্ষদ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর হিন্দু মুসলিম মৈত্রীর জন্য ঐকান্তিক প্রচেষ্টা  স্বাধীনতা ও দেশভাগের পরে ভারতের   পরিস্থিতি সংক্রান্ত বেশ কিছু অংশ  নতুন বইয়ে বাদ দেওয়া হয়েছে।

শুধুমাত্র গান্ধী নয়, একাদশ শ্রেণির সমাজবিদ্যার বই থেকে বাদ গেছে গুজরাট দাঙ্গার উল্লেখ। পর্ষদের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী তাঁরা পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু গত বছরের বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকায় এ পরিবর্তনের কোনো উল্লেখ করা ছিল না। চাপের মুখে পড়ে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ এণ্ড ট্রেনিং জানিয়েছে , শীঘ্রই তাঁরা এ ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করবে।

পর্ষদ দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের যে পাঠ্যপুস্তক নতুন শিক্ষাবর্ষ থেকে প্রচলন করবে তাতে বাদ থাকবে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধী-হত্যার পর দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি, হিন্দু-মুসলিম  ঐক্য রক্ষায় গান্ধীর ভূমিকা, গান্ধী হত্যাকারী নাথুরামের রাজনৈতিক পরিচয় এবং আরএসএসের মতো সংগঠনের উপরে সাময়িক নিষেধাজ্ঞার মতো অংশগুলি। পর্ষদ জানাচ্ছে,শিক্ষার্থীদের ওপর সিলেবাসে ভার কমানোর জন্যই পাঠ্যপুস্তককে ‘যুক্তিযুক্ত’-ভাবে পরিমার্জিত করবার সিদ্ধান্ত গত বছর নিয়েছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁরা এগিয়েছেন। যদিও এটা বলা প্রয়োজন, গান্ধীজির জীবনের অত্যন্ত গুরুত্ব পূর্ণ অংশগুলোকে বাদ দেওয়ার কথা তাঁরা আগে কখনও কোনো বিজ্ঞপ্তিতে জানাননি।

মুঘল যুগেকে যখন বাতিল করা হয়েছিল তখনও এন সিই আর টি-র কর্ণধার দীনেশ সাকোলি যুক্তিসঙ্গত বদলের সাফাই দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল যা কিছু দেশের বর্তমান শাসক দলের অপছন্দের, অপ্রিয় তাকেই বাদ দেওয়া হয়েছে কেন? নেপথ্যে কোন গভীর অভিসন্ধি রয়েছে? দেশের নবীন প্রজন্মের চিন্তাভাবনা ও মানসিকতাকে গৈরিকীকরণের দিকে ঠেলে দেওয়ার জন্যই কি বাদ পড়লেন হিন্দু-মুসলিম সম্প্রীতির বলিষ্ঠ প্রবক্তা মোহনদাস করমচাঁদ গান্ধী?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!