Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৯, ২০২২

ট্রেন্ট বোল্টের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা, ৬৫ রানে জয় নিউজিল্যান্ডের

আরম্ভ ওয়েব ডেস্ক
ট্রেন্ট বোল্টের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা, ৬৫ রানে জয় নিউজিল্যান্ডের

প্রথম রাউন্ডে নামিবিয়ার কাছে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। পরপর দুটি ম্যাচ জিতে সুপার ১২–র ছাড়পত্র। সুপার ১২–র প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দারুণ শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে হারের মুখে পড়তে হল শ্রীলঙ্কাকে। শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে ছন্দে ফেরা শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এল নিউজিল্যান্ড। কিউয়িদের জয়ের নায়ক ট্রেন্ট বোল্ট। ১৩ রানে তুলে নেন ৪ উইকেট। নিউজিল্যান্ডের ১৬৭/‌৭ রানের জবাবে ১৯.‌২ ওভারে ১০২ রানে শেষ শ্রীলঙ্কা।
এদিন সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এদিন স্পিনারদের দিয়ে আক্রমণ শুরু করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। অফস্পিনার থিকসানা চতুর্থ বলেই তুলে নেন ফিন অ্যালেনকে (‌১)‌। তৃতীয় ওভারে দলকে আরও একটা সাফল্য এনে দেল আর এক অফস্পিনার ধনঞ্জয় ডি’‌সিলভা। ফেরান দুরন্ত ফর্মে থাকা ডেভন কনওয়েকে (‌১)‌। চতুর্থ ওভারের শেষ বলে অধিনায়ক কেন উইলিয়ামসকে (‌৮)‌ তুলে নিয়ে কিউয়িদের চাপে ফেলে দেন কাসুন রাজিথা।
৪ ওভারের মধ্যে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।
এরপর গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের জুটি চাপ কাটিয়ে দলকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান। জুটিতে ওঠে ৮৫। ১৪.‌৩ ওভারের মাথায় জুটি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর বলে বোল্ড হন মিচেল। (‌২৪ বলে ২২)‌। শুরুতে সতর্ক থাকলেও শেষ দিকে ঝড় তোলেন গ্লেন ফিলিপ। মহেশ থিকসানাকে বাউন্ডারি মেরে ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৪ রান করে আউট হন গ্লেন ফিলিপ। ৫ বলে ১১ রান করে অপরাজিত থাকেন নিশাম। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান তোলে নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কার কাছে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু শুরুতেই তান্ডব চালিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারে পাথুম নিসাঙ্কাকে (‌০)‌ তুলে নিয়ে শুরু করেছিলেন টিম সাউদি। এরপরেই বোল্টের ভেল্কি শুরু। নিজের প্রথম ও দলের দ্বিতীয় ওভারে ৩ বলের ব্যবধানে তুলে নেন কুশল মেন্ডিস (‌৪)‌ ও ধনঞ্জয় ডি’‌সিলভাকে (‌০)‌। এক ওভার পরেই ফেরান চরিথ আসালঙ্কাকে (‌৪)‌। সু্তম ওভারের প্রথম বলেই চামিকা করুণারত্নেকে তুলে নিয়ে শ্রীলঙ্কাকে আইসিইউ–তে পাঠিয়ে দেন স্যান্টনার। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে আর ম্যাচে ফেরা সম্ভব ছিল না শ্রীলঙ্কার কাছে। শেষ পর্যন্ত ১৯.‌২ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। সর্বোচ্চ রান করেন ভানুকা রাজাপক্ষে (‌২২ বলে ৩৪)‌। তিনি ছাড়া দু’‌অঙ্কের রান করেন অধিনায়ক দাসুন শনকা (‌৩২ বলে ৩৫)‌। দুরন্ত বোলিং করে ১৩ রানে ৪ উইকেট নেন বোল্ট। ২টি করে উইকেট পান স্যান্টনার ও ইস সোধি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!