Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৪, ২০২৩

ব্রাজিল দল থেকে বাদ নেইমার!‌ বৈপ্লবিক সিদ্ধান্ত কোচ মেনেজেসের

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রাজিল দল থেকে বাদ নেইমার!‌ বৈপ্লবিক সিদ্ধান্ত কোচ মেনেজেসের

ব্রাজিল দল থেকে বাদ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়র!‌ হ্যাঁ, এমনই বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামন মেনেজেস। ২৫ মার্চ মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আর সেই দলে সুযোগ পাননি নেইমার। শুধু নেইমারই নন, কাতার বিশ্বকাপে ব্রাজিলের দলে থাকা ১৫ জন ফুটবলারের জায়গা হয়নি র‌্যামন মেনেজেসের ঘোষিত ২৩ জনের দলে।

অনেক স্বপ্ন নিয়ে গত বছর কাতার বিশ্বকাপ খেলতে গিয়েছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই তাদের বিদায় নিতে হয়। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন কোচ টিটে। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন মেনেজেস। তাঁর কোচিংয়েই ২০২৬ বিশ্বকাপের বৃত্ত শুরু করতে চলেছে ব্রাজিল। সেই বৃত্তের প্রথম ধাপ মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ। আর এই প্রীতি ম্যাচের দলে নেইমারকে না রেখে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছেন মেনেজেস।

মেনেজেসের এই বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার পেছনে অবশ্য কারণ রয়েছে। দু’‌সপ্তাহ আগে প্যারিস সাঁ জাঁ–র হয়ে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান নেইমার। বেশ কয়েকটা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে গেলেও এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি এই ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমা জানিয়েছেন, মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার মত অবস্থায় নেই নেইমার। চোটের কারণেই নেইমারকে দলে রাখেননি মেনেজেস। নেইমারের ক্লাব পিএসজি আগেই জানিয়েছে, সামনের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও খেলতে পারবেন না নেইমার।

১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার। দু’‌সপ্তাহের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা কম। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও খেলতে পারবেন না নেইমার। তাঁকে ছাড়া পিএসজি যদি এই ম্যাচে না জেতে, তবে এই মরশুমে তাদের চ্যাম্পিয়নস লিগ অভিযান এখানেই শেষ।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের ২৬ জনের দল থেকে নেইমার ছাড়াও যাদের বাদ দিয়েছেন মেনেজেস, তাঁরা হলেন, গোলকিপার আলিসন, রাফিনিয়া, পেদ্রো, ফাবিনিও, দানি আলভেজ, গ্যাব্রিয়েল জেসুস, দানিলো, থিয়াগো সিলভা, ব্রুনো গিমারেজ, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস ও নেইমারের ক্ষেত্রে দলে না রাখার কারম চোট। দলে যে ৯জন নতুন মুখ ডেকেছেন মেনেজেস, তাঁদের মধ্যে ৫জনই তাঁর অধীনে ব্রাজিলের অনূর্ধ্ব–২০ দলে ছিলেন।

মরোক্কোর বিরুদ্ধে ব্রাজিলের ঘোষিত ২৩ জনের দলে সুযোগ পেয়েছেন, গোলকিপার: এডেরসন, মাইকায়েল, ওয়েভারটন। ডিফেন্ডার: আর্থুর, এমারসন রয়্যাল, অ্যালেক্স তেয়েস, রেনান লোদি, ইবানেজ, এদের মিলিতাও, মারকিনিওস ও রবার্ত রেনান। মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রে সান্তোস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা ও রাফায়েল ভেগা। ফরোয়ার্ড: অ্যান্টনি, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতর রকি।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!