Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৬, ২০২২

বড় ধাক্কা ব্রাজিলের, গ্রুপ লিগ থেকে ছিটকে গেলেন নেইমার

আরম্ভ ওয়েব ডেস্ক
বড় ধাক্কা ব্রাজিলের, গ্রুপ লিগ থেকে ছিটকে গেলেন নেইমার

আবার যেন ২০১৪ বিশ্বকাপের ছায়া। চোট পেয়ে বিশ্বকাপ ভবিষ্যৎ অনিশ্চিত করে তুললেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সার্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে গ্রুপ লিগের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন। দল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও তাঁর খেলার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি তিনি সম্পূর্ণ চোখ মুক্ত হয়ে উঠতে পারেন তবেই নকআউট পর্বে মাঠে নামতে পারবেন।

নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ৮০ মিনিটে গোড়ালিতে চোট পান নেইমার। ম্যাচের পর তাঁর গোড়ালির এমআরআই করা হয়। রিপোর্টে দেখা গেছে লিগামেন্ট ছিঁড়েছে। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার। চোট পেয়ে ছিটকে যাওয়ায় চূড়ান্ত হতাশ নেইমার। সোশ্যাল মিডিয়ায় নিজের হতাশা ব্যক্ত করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

নিজের ফেসবুক পেজে নেইমার লিখেছেন, ‘আমার ফুটবল জীবনের সবথেকে খারাপ একটা ঘটনা ঘটেছে। সেটা আবার বিশ্বকাপে। আমি আবার চোটের কবলে পড়েছে, যা আমার কাছে খুবই কষ্টের এবং বিরক্তিকর। তবে আমি নিশ্চিত যে ফিরে আসব। কারণ, আমি দেশের জন্য, সতীর্থদের জন্য, নিজের জন্য সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। জীবনে আমি কোনও কিছুই সহজে পাইনি। স্বপ্নপূরণে আর লক্ষ্যে পৌঁছতে আমাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে।’‌

হতাশা প্রকাশ করে নেইমার আরও লিখেছেন, ‘‌ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে আমি কতটা গর্ব অনুভব করি, বোঝাতে পারব না।  যদি ঈশ্বর আমাকে জিজ্ঞেস করে কোন দেশে জন্মাব, তাহলে আমি বলতাম ব্রাজিলে।’‌

শুধু এই বিশ্বকাপেই নয়, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও চোট পেয়ে মাস দেড়েকের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন নেইমার। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে জুনিগার সঙ্গে সংঘর্ষে মেরুদণ্ডে চোট পেয়েছিলেন। মেরুদণ্ডের হার ভেঙে গিয়েছিল। বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন নেইমার। কাতার বিশ্বকাপেও সেই একই ছবি। শুধু নেইমারই নন, চোটের কবলে দানিলোও। তিনিও গোড়ালিতে চোট পেয়েছেন। নেইমারের মতো তিনিও গ্রুপ লিগের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!