- দে । শ
- মে ১১, ২০২৩
নীতিশের সঙ্গে বৈঠকের পরদিনই মোদি দরবারে নবীন, জাতীয় রাজনীতিতে শুরু জল্পনা
ফাইল চিত্র
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের হঠাৎ দিল্লি সফর নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। নীতিশ কুমারের সঙ্গে বৈঠকের পরের দিনই তাঁর দিল্লি সফর এই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। কোনও কোনও মহল বলছে, বিজেডি সভাপতি কিছু বিরোধী নেতার সঙ্গে দিল্লিতে দেখা করতে পারেন। প্রসঙ্গত ইতিমধ্যেই নীতিশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে একটি বিরোধী জোট গঠনের বিষয় নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর একপ্রস্থ আলোচনা হয়েছে। অন্যদিকে ওড়িশা টিভি সূত্রে জানা যাচ্ছে, আজই দুপুরেই নবীন পট্টনায়েক দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। এই খবর জানার পরেই বিজেডি নেতার দিল্লি সফর নিয়ে রাজনৈতিক জল্পনা জোরদার হচ্ছে। প্রসঙ্গত তিন দিনের সফরে বুধবার দিল্লি গিয়েছেন। আগামী ১৩ মে তিনি ওড়িশায় ফিরবেন বলে মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গেছে।
ওড়িশার মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের আবাস যোজনা, রেলপথ এবং হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেই মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছেন। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে যখন বিজেপি দলের সঙ্গে নবীন পট্টনায়েক দফায় দফায় বৈঠক করছেন, তখন নীতিশ কুমারের সঙ্গে বৈঠকের পরের দিনই তাঁর দিল্লি যাওয়া এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা বলে রাজনৈতিক মহল মনে করছে।
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে, বিজেডি দাবি করে যে তারা এনডিএ এবং ইউপিএ উভয়ের থেকে সমান দূরত্ব বজায় রেখেই চলছে। তবে, প্রায়ই সংসদে বিভিন্ন ইস্যু এবং বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সময় বিজেপিকেই বিজেডি সমর্থন করেছে, এই দৃশ্যও দেশের মানুষের নজর এড়িয়ে যায়নি।
❤ Support Us





