- এই মুহূর্তে
- জুলাই ১২, ২০২২
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ
ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে গোটা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। আজ বেলা ১১টার দিকে উপজেলার মুকুন্দপুরে বগিটি লাইনচ্যুত হয়। মুকুন্দপুর রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বলেন, রেললাইনের স্লিপার ভেঙে গেছে। স্লিপার বসানোর পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বেলা তিনটা পর্যন্ত স্লিপার বসানো হয়নি।
আখাউড়ার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী কনটেইনার ট্রেন সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশন অতিক্রম করে। বিজয়নগর উপজেলার মুকুন্দপুর অংশে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।ওসি বলেন, আখাউড়া রেলজংশন স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। তেলবাহী কনটেইনার ট্রেন উদ্ধারের চেষ্টা চলছে।
মুকুন্দপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা আপ তেলবাহী ট্রেন-৯৫১ মুকুন্দপুর ও হরষপুরের মাঝামাঝি স্থানে এসে এর ইঞ্জিন থেকে পেছনের ৬ নম্বর বগির সামনের দুইটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় । তিনি বলেন, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসটি শায়েস্তগঞ্জ রেল জংশনে আটকে পড়ে।
আখাউড়া জংশনের লোকোশেড ইনচার্জ মনির উদ্দিন বলেন, দুপুর ১টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
❤ Support Us







