- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২, ২০২৩
দণ্ডি কান্ডে বিতর্কিত গোফানগরে, আজ বিকেলে কী বার্তা অভিষেকের
আজ মঙ্গলবার, ২ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অষ্টম দিনের নবজোয়ার যাত্রায় দক্ষিণ দিনাজপুরে। তিনি সকাল সাড়ে ১০টায় ইটাহার ব্লকের দুর্গাপুর ফুটবল মাঠে দলের জেলাস্তরীয় অভ্যন্তরীন পর্যালোচনা বৈঠক দিয়ে কর্মসূচি শুরু করেন। সকাল ১১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশ করলে তাঁকে দলের জেলা নেতৃত্ত্ব স্বাগত জানায়। তিনি প্রথমে কুষ্মাণ্ডি ব্লকের কুষ্মাণ্ডি বিধানসভার দেহারবান্দা মোড়ের পাতিরাজপুরে পৌঁছন।দুপুর ১২টায় হরিরামপুর বিধানসভার হরিরামপুর হাই স্কুলের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা। এরপর তাঁর দুপুর আড়াইটের সময় বালুরঘাট বিধানসভার খাঁপুর, নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে তেভাগা আন্দোলনের শহিদ বেদি পরিদর্শন করার কর্মসূচি রয়েছে অভিষেকের। এর পর বেলা ৩ টায় বালুরঘাটের তপন বিধানসভার পাতিরাম চৌরাঙ্গি মার্কেটে অভিষেকের জনসভা। সভা শেষে তপনের চক সাতিহার, গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সঙ্গে বিকেল সাড়ে চারটায় কথা বলবেন অভিষেক ববিদ্যোপাধ্যায়। এর পর বিকেল সাড়ে ৫টায় গঙ্গারামপুর স্টেডিয়ামে অধিবেশন রয়েছে অভিষেকের। তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে।
তবে মঙ্গলবার এবং অষ্টম দিনের অভিষেকের এই তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে বেলা ৩ টায় বালুরঘাটের তপন বিধানসভার পাতিরাম চৌরাঙ্গি মার্কেটে জনসভা শেষে তপনের চক সাতিহার, গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের সঙ্গে বিকেল সাড়ে চারটায় কথা বলা। কেননা কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফেরার জন্য চারজন মহিলাকে প্রকাশ্য দিবালোকে, রাজপথে দণ্ডিকেটে দলে ফেরার সাজা দেওয়া হয়েছিল। এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়। এই ঘটনায় দলের তরফে তাদের সাজাও দেওয়া হয় যারা এই ঘটনার জন্য দায়ী ছিল।
দলবদলের অভিনব এই ছবি দক্ষিণ দিনাজপুরের তপন সহ সারা রাজ্য তখন দেখেছিল। বিজেপিতে যোগদানকারীরা তৃণমূলে ফিরেছিলেন দলের স্থানীয় নেতৃত্বের নির্দেশে, দণ্ডি কেটে। এই চার জন ৬ এপ্রিল , বৃহস্পতিবার তপনের গোফানগরে বিজেপিতে যোগদান করেন। গেরুয়া শিবিরের দাবি, সেখানে প্রায় ২০০ মহিলা বিজেপিতে যোগদান করেন।
তার পরের দিনই বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে গোফানগরের এই চার জন মহিলাকে রাস্তায় দণ্ডি কাটিয়ে প্রায়শ্চিত্ত করানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি ট্যুইট করে তাতে লিখেছিলেন, তপনের গোফানগরের চার মহিলা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। একদিনের মধ্যে ওই আদিবাসী মহিলাদের ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা দলে ফিরতে বাধ্য করেছে। শাস্তি হিসেবে ওই মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি।
আজ এই বিতর্কিত গোফানগরে বিকেল সাড়ে চারটায় ওই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কী পারবেন ওই চার আদিবাসী মহিলাকে প্রকাশ্য রাজপথে দণ্ডি কাটিয়ে যে সাজা দেওয়া হয়েছিল তার কোনও প্রতিকার করতে? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে।
❤ Support Us







