- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১০, ২০২৫
বিধানসভায় বিজেপির বিক্ষোভ। সাসপেন্ড ২ পদ্ম বিধায়ক
আজ থেকে বিধানসভায় শুরু হয়েছে রাজ্য বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। শোক প্রস্তাবের পর, সদ্যপ্রয়াত গায়ক প্রতুল বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় কক্ষের কাজ। আজ শুরু থেকেই বিধানসভায় শাসকদলের অধিকাংশ মন্ত্রী অনুপস্থিত। শাসকদলের বিধায়কদের বেঞ্জ ফাঁকা। শাসকদলের মন্ত্রীদের পক্ষে চন্দ্রিমা ভট্টাচার্য ও সিদ্দিকুলা কেবল উপস্থিত। এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মন্ত্রীরা কেউ নেই কেন? পরিষদীয়মন্ত্রী কোথায় ? হাউস চলবে কীভাবে ?’ তবে, সেই মুহূর্তেই একে একে সদস্যরা কক্ষে প্রবেশ করতে শুরু করেন। দেরি করে উপস্থিত হন তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তাকে উদ্দেশ করে বিরক্ত স্বরে বিমান বন্দ্যোপাধ্যায় জানতে চান, ‘মন্ত্রীরা কোথায়?’
অধিবেশনের কাজ শুরু হবার পরেই বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি। হিরণ চট্টোপাধ্যায়কে বলতে না দেওয়ার অভিযোগ ওঠে। বাদানুবাদে জড়িয়ে পড়েন স্পিকার ও খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। বিক্ষোভের জেরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওঁকে মার্শাল ডেকে বিধানসভার কক্ষ থেকে বের করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই বিজেপির বাকী বিধায়করা ওয়াক-আউট করেন। সাপপেন্ড করা হয় ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে। এই ঘটনায় বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে গেরুয়া শিবিয়ের বিধায়করা। এরপর বিধানসভায় রাজ্যসরকারের একপেশে ‘গুণ্ডামি’ চলছে, তাতে স্পিকারের মদত রয়েছে, এই অভিযোগ তুলে মিছিল শুরু করেছেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে আগামী ১৯ মার্চ, বিধায়কদের নিয়ে বারুইপুর অভিযান করবেন। সেখানে অধ্যক্ষের মুখোশ খুলে দেবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সূত্রের খবর, বিধানসভার দ্বিতীয়ার্ধে বাজেট অনুমোদন নিয়ে নিজের বক্তব্য রাখছিলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের বিজ্ঞাপন নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সে সময় তাঁকে থামিয়ে স্পিকার বলেন, ‘এভাবে আপনি কথা বলতে পারেন না। এসব বলে আপনার কোন লাভও হবে না।’ জবাবে হিরণ বলেন, ‘আমি কী বলব আর কি বলব না, তা আপনি ঠিক করে দিতে পারেন না। জনপরিষেবা কমিশনে রাজনৈতিক প্রভাবিত লোকেদের বসিয়ে রাখা হয়েছে। ফলে মানুষ পরিষেবা পাচ্ছে না।’ আবার তাঁকে বলতে এ নিয়ে কথা বলতে বারণ করেন স্পিকার। পাল্টা হিরণও বলেন, ‘আপনি এ ভাবে আমাকে নির্দেশ দিতেও পারেন না।’ দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। বিজেপির অভিযোগ ওঠে, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই হিরণের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়করা। মনোজ ওরাং, শঙ্কর ঘোষসহ অন্য বিধায়করা প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। স্পিকার বারবার থামার নির্দেশ দেন, কিন্তু তাতে কর্ণপাত করেননি বিধায়করা। অবস্থা নিয়ন্ত্রণে আনতে স্পিকার মার্শাল ডাকেন এবং মনোজ ওরাংকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। সতীর্থদের অধিবেশন কক্ষ থেকে বার করে দেওয়ার প্রতিবাদে বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে ফেলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণ। শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের দাবি, অধ্যক্ষের চেয়ার কে অপমান করা হয়েছে। এই মর্মে নোটিশ দেন তিনি। বলেন, বিধানসভার রুল-৩৪৮ অনুযায়ী বিজেপি বিধায়ক দীপক বর্মনকে ৩০ দিন বা এই অধিবেশনের বাকি দিনের জন্য সাসপেন্ড করা হোক। এরপর দীপককে সোমবারের জন্য সাসপেন্ড করা হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আজ যে ঘটনা ঘটেছে, তা নিয়ে বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলোচনা করার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’ তিনি আরো বলেন, ‘বর্তমানে বিধানসভায় কর্মরত সমস্ত মার্শাল এক্সটেনশনে রয়েছেন। এত দিন বাইরে দাদাগিরি দেখাতেন বিমান বন্দ্যোপাধ্যায়, এখন সেটাই বিধানসভার ভিতরে করছেন। বিধানসভায় প্রকাশ্যে গুন্ডামি চলছে। বাংলায় তালিবানি শাসন চলছে। স্পিকার তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন।কেজরিওয়ালকে মানুষ ইতিমধ্যে প্রত্যাখান করেছে, ২৬ এর বিধানসভায় মমতা বন্দ্যোপাধায়কেও করবে। তখন কোথায় যাবেন স্পিকার?’বিজেপি নেতা শঙ্কর ঘোষও কটাক্ষ করে বলেন, ‘বিধানসভায় বিরোধীদের কথা বলার সুযোগই তো দেওয়া হয় না।’
উল্লেখ্য, এর বাজেট অধিবেশনের প্রথম পর্বের শুরুর দিকে সাসপেন্ড হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরো তিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে। কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। বিধানসভায় বিজেপি বিধায়কের প্রস্তাব পাঠের পর তা নিয়ে আলোচনা চেয়েছিলেন। স্পিকার রাজি না হলে, বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু। অধিবেশনকক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অধ্যক্ষ বিমান। তার পরে অধিবেশনকক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা। তৃণমূল পরীষদীয় দলের তরফে নির্মল ঘোষ শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাব আনেন বিধানসভায়। তার পরেই বিধায়কদের ৩০ দিনের সাসপেন্ড করেন অধ্যক্ষ। বিরোধী দলনেতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার ছড়ানোর অভিযোগ এনেছিল জোড়াফুল শিবির।
❤ Support Us








