- ভা | ই | রা | ল
- মে ১৬, ২০২২
প্রাণের পোষ্য ‘চিগি’কে হারিয়ে দিশেহারা মালিক, খুঁজতে শহরজুড়ে পোস্টার ও মাইকিং
‘চিগি’কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা বাড়িটা একবার নয় বেশ কয়েকবার খোঁজা হয়ে গেছে । কোথায় গেল, কোথায় গেল ‘চিগি’! রীতিমতো দিশেহারা হয়ে পড়েন ওর অভিভাবকরা। শেষমেশ তাকে খুঁজে পেতে শহরজুড়ে পড়ল পোস্টার, মাইকিং।আলিপুরদুয়ারের দেবনাথ পরিবারের আদরের পোষ্য। তাকে খুঁজতেই আদা জল খেয়ে আসরে নেমেছেন বাবা ও মেয়ে। তার হদিশ পেতে তাই আলিপুরদুয়ার জুড়ে লাগানো হল পোস্টার। শুরু হয় মাইকিংও। এমনকী চিগিকে খুঁজতে স্নিফার ডগ আনার আবেদনও জানিয়েছে ওই পরিবার।
গত ১০ মে আলিপুরদুয়ার জেলা শহরের বাবুপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় বছর ছয়ের চিগি। তারপর থেকেই নাওয়া-খাওয়া লাটে উঠেছে ওই পরিবারের। ৬ বছর আগে হায়দরাবাদ থেকে ওই বিড়ালটিকে আলিপুরদুয়ারে নিয়ে আসে দেবনাথ পরিবার। দীর্ঘদিন ধরে চিগির সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে ওই পরিবারের সদস্যদের। এক কথায় পরিবারের অন্যতম সদস্যই হয়ে ওঠে চিগি। তাই নিখোঁজ হওয়ার পর থেকে শোকের ছায়া দেবনাথ পরিবারে।
জানা গিয়েছে, চিগির শারীরিক অবস্থা খারাপ থাকায় গত ১০ মে বাবুপাড়া পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করতে গেলে সেখান থেকেই নিখোঁজ হয় গোলগাল ওই পোষ্য বেড়াল। তারপর থেকেই চিগিকে খুঁজতে হন্তদন্ত হয়ে এদিক-সেদিক ছুটতে থাকেন বাবা ও মেয়ে। ইতিমধ্যেই পোস্টার ছাপিয়ে সংবাদপত্রের সঙ্গে তা জেলা শহরের বাবুপাড়া এলাকা-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। আবার শনিবার বিকেল থেকে শহরজুড়ে শুরু হয় মাইকিং। শেষ খবর পাওয়া পর্যন্ত চিগির হদিশ মেলেনি। তাই এবার পুলিশের দ্বারস্থ হয়ে স্নিফার ডগের মাধ্যমে খোঁজ শুরু করার ভাবনাও রয়েছে ওই পরিবারের। এহেন আয়োজনে প্রতিবেশীদেরও এখন একটাই প্রার্থনা, চিগি তাড়াতাড়ি ঘরে ফিরুক।
❤ Support Us








